Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

পিছিয়ে পড়েও রেলকে হারাল মোহন বাগান

‘মোহনবাগানের ফার্স্ট হাফ খেলার দরকার কী? সেকেন্ড হাফেই মাঠে নামতে পারে।’ ম্যাচ শেষে সবুজ-মেরুন গ্যালারির এক সমর্থকের মুখে একথাই শোনা গেল।

পিছিয়ে পড়েও রেলকে হারাল মোহন বাগান
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মোহন বাগান-৩     :      রেলওয়ে-১

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘মোহনবাগানের ফার্স্ট হাফ খেলার দরকার কী? সেকেন্ড হাফেই মাঠে নামতে পারে।’ ম্যাচ শেষে সবুজ-মেরুন গ্যালারির এক সমর্থকের মুখে একথাই শোনা গেল। জিতেও বিরক্তির কারণ যথেষ্ট। শনিবার ঘরোয়া লিগের ম্যাচে রেলওয়ে এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল পালতোলা নৌকা বাহিনী। পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৩-১ গোলে ম্যাচ জেতে বাস্তব রায়ের দল। তার সুবাদে সুপার সিক্সে যাওয়ার রাস্তা আরও প্রশস্ত হল মোহনবাগানের। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। তবে মন জয় করতে ব্যর্থ সবুজ-মেরুন ব্রিগেড। এদিন মনবীর, সাহালদের প্রথম একাদশে রেখে দল সাজিয়েছিলেন বাগান কোচ। 
ম্যাচের ২ মিনিটেই লিড নেওয়ার সুযোগ ছিল মোহনবাগানের। তবে কিয়ানের ক্রসের নাগাল পাননি মনবীর। এরপর ম্যাচ যত গড়িয়েছে, ততই রেলওয়ের ডিফেন্সে খেই হারিয়েছে সায়নদের আক্রমণ। সেই সুযোগে ৪১ মিনিটে লিড নেয় অফিস দলটি। ডান প্রান্তের আক্রমণ থেকে জাল কাঁপান উমেশ মাণ্ডি (১-০)। এক্ষেত্রে রাজ বাসফোর ও আলেক্স সাজিদের ব্যর্থতাও ফুটে উঠল। এরপর রেলের বক্সে হ্যান্ডবল হলে পেনাল্টি পায় সবুজ-মেরুন। লক্ষ্যভেদে ভুল করেননি মনবীর (১-১)। দ্বিতীয়ার্ধে সাহালদের অনেক বেশি সংঘবদ্ধ দেখাল। এই পর্বে আক্রমণের ঝড় তুলে স্কোরশিটে নাম তোলেন রবিলাল মাণ্ডি (২-১) ও সুহেল ভাট (৩-১)। অপর ম্যাচে দশ জনের পাঠচক্রকে ২-০ ব্যবধানে হারাল ভবানীপুর। জোড়া গোল সাহিল হরিজনের। ৬৬ মিনিটে লাল কার্ড দেখেন পাঠচক্র গোলরক্ষক ইপ্রতিপ দাস। এই জয়ের সুবাদে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে অপরাজেয় রইল ভবানীপুর।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ