Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

লিগে বড়ো জয়ের লক্ষ্যে মোহন বাগান, আজ শহরে ছাংতে

লালরিনজুয়ালা ছাংতেকে নিয়ে মোহন বাগান সমর্থকরা প্রবল উৎসাহী। মিজো স্নাইপার কবে দলের সঙ্গে যোগ দেবেন তা নিয়ে আগ্রহ ছিলই।

লিগে বড়ো জয়ের লক্ষ্যে মোহন বাগান, আজ শহরে ছাংতে
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লালরিনজুয়ালা ছাংতেকে নিয়ে মোহন বাগান সমর্থকরা প্রবল উৎসাহী। মিজো স্নাইপার কবে দলের সঙ্গে যোগ দেবেন তা নিয়ে আগ্রহ ছিলই। অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুরে কলকাতায় আসছেন ছাংতে। পাশাপাশি ভিসা সমস্যা মিটিয়ে শুক্রবার পৌঁছানোর কথা বসনিয়ার ফুটবলার জেলকোভিচের। পূর্ণশক্তির দল নিয়ে ফুল ফেটানোর অপেক্ষায় গ্রিক কোচ পানাজিওটিস। এমনিতেই ডুরান্ড কাপে গোলের ফোয়ারা ছোটাচ্ছে পানোস ব্রিগেড। সোনায় মোড়া আপফ্রন্ট প্রতিপক্ষকে ছারখার করতে তৈরি।

Advertisement

এদিকে, ঘরোয়া লিগে বৃহস্পতিবার ফের মাঠে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। ঘরের  মাঠে তাদের প্রতিপক্ষ বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি। শেষ দু’টি ম্যাচে কাস্টমস ও ভবানীপুরের কাছে মুখ থুবড়ে পড়েছে বাস্তব রায়ের দল। সুপার সিক্সের রাস্তা মোটেও সহজ নয়। লিগ টেবিলে এই মুহূর্তে ৬ ম্যাচে ১০ পয়েন্ট মোহন বাগানের। অন্যদিকে, ৫ ম্যাচে বিধানগরের প্রাপ্তি মাত্র ১ পয়েন্ট। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ৩ পয়েন্ট তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ কিয়ানদের সামনে।
ঘরোয়া লিগ জিততে এবার বদ্ধপরিকর মোহন বাগান টিম ম্যানেজমেন্ট। ঢেলে দল সাজিয়েছে তারা। কিন্তু খেলায় তার প্রতিফলন নেই। কিয়ান, সুহেল, অভিষেক সূর্যবংশীদের গর্জন প্রচুর। বর্ষণ কম। মোহন বাগান দিবসে সেরা প্রতিভাবান ফুটবলারের সম্মান পান সুহেল ভাট। এই নিয়ে টানা দ্বিতীয়বার। পুরস্কার নেওয়ার পর সুহেল জানিয়েছিলেন, পরের বছরেও এই সম্মান পেলে খুশিই হবেন তিনি। উদীয়মান ফুটবলারের এমন মন্তব্যে অনেকেই বিস্মিত। আর কবে বড়ো হবেন কাশ্মীরের তরুণ! ঘরোয়া লিগে দলের ম্যাচ দেখতে নিয়মিত ভিআইপি বক্সে উপস্থিত থাকেন গ্রিক কোচ পানোস। তাঁর সামনে লক্ষ্যভেদ করে নজর কাড়ার বদলে ক্রমশই ফিকে হচ্ছেন সুহেল। একমাত্র সায়ন ব্যানার্জি ছাড়া বাকিরা দাগ কাটতে ব্যর্থ। তার উপর চেন্নাইয়ানে পাড়ি দিয়েছেন দীপ্যেন্দু বিশ্বাস। ফলে রক্ষণ নিয়েও কিছুটা চিন্তায় সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক।
 ম্যাচ শুরু বিকেল তিনটেয়।
 সম্প্রচার নাম্বার টেন স্পোর্টসে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ