Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

মোহন বাগানের ভরসা অভিজ্ঞতা

ঘরোয়া লিগের সুপার সিক্সে ইতিমধ্যেই জায়গা পাকা মোহন বাগানের

মোহন বাগানের ভরসা অভিজ্ঞতা
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগের সুপার সিক্সে ইতিমধ্যেই জায়গা পাকা মোহন বাগানের। তবে সোমবারের ডার্বি সবুজ-মেরুন ব্রিগেডের কাছে মুখরক্ষার লড়াই। ডুরান্ডের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ১-৪ ব্যবধানে হারের যন্ত্রণা এখনও প্রকট। বদলার আগুনে গা সেঁকছেন সমর্থক থেকে ফুটবলাররা। রবিবার চূড়ান্ত প্র্যাকটিসেও চোখে পড়ল সেই চিত্র। মাঠে ঢোকার আগে রাহুল, মনবীরদের উদ্দেশে ভক্তদের একটাই আবেদন, ‘সোমবার বদলা চাই।’ মোহন বাগানের অনুশীলনেও যুদ্ধকালীন তৎপরতা। বিদেশি কোচ পানাজিওটিস ও বাস্তব রায়ের প্রশিক্ষণে পুরোদমে মহড়া সারলেন সাহাল-সায়নরা। বলার অপেক্ষা রাখে না, বারাসতে লিগের ডার্বিতে জান লড়িয়ে দিতে প্রস্তুত সবুজ-মেরুন ব্রিগেড।

Advertisement

ঘরোয়া লিগে মোহন বাগানের জুনিয়র টিমের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব ছিল স্পষ্ট। তাই এই ম্যাচে কোনো ঝুঁকি নয়। মনবীর,মেহতাবের মতো সিনিয়রদের প্রথম একাদশে থাকা একপ্রকার পাকা। এদিন অনুশীলনের ফাঁকে একাধিকবার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে দেখা গেল গ্রিক কোচ পানাজিওটিসকে। তিনি অবশ্য সোমবার ডাগ-আউটে থাকবেন না। ঘরোয়া লিগের দায়িত্বে কোচ বাস্তব রায়। কিন্তু এই লড়াই পানোসের কাছেও যে বদলার! তাই মহারণের জন্য দলকে তৈরি করার গুরুদায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন তিনি। এদিন ওয়ার্ম আপের পর সিচুয়েশন প্র্যাকটিসে ধরে ধরে ফুটবলারদের দায়িত্ব বুঝিয়ে দিলেন তিনি। যা ইঙ্গিত, তাতে তেকাঠির নীচে দীপ্রভাতের থাকার সম্ভাবনাই প্রবল। রক্ষণে রাজ বাসফোর, মেহতাব, রাহুল ভেকে ও শুভাশিস। মাঝমাঠে বঙ্গসন্তান সন্দীপ মালিক বা তন্ময়ের সঙ্গে দেখা যেতে পারে আপুইয়া ও সাহালকে। আর আক্রমণভাগে কিয়ান ও সায়নের সঙ্গে মনবীর। শুরুতে গোল পেলে ম্যাচের রাশ তুলে নিতে পারবে মোহন বাগান। তাই আক্রমণাত্মক ফুটবলই মেলে ধরা লক্ষ্য অভি সবুজ-মেরুন ব্রিগেডের।

Advertisement
সম্পর্কিত সংবাদ