Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

জিতল মোহন বাগান

সকাল থেকেই আকাশের মুখ ভার। দুপুরের পরেই শুরু ভারী বৃষ্টি। তবে প্রতিকূল আবহাওয়া মোহন বাগান সমর্থকদের উৎসাহে জল ঢালতে পারেনি।

জিতল মোহন বাগান
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মোহন বাগান-৪    :                         পাঠচক্র-০

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকাল থেকেই আকাশের মুখ ভার। দুপুরের পরেই শুরু ভারী বৃষ্টি। তবে প্রতিকূল আবহাওয়া মোহন বাগান সমর্থকদের উৎসাহে জল ঢালতে পারেনি। সোমবার ক্লাবের মাঠে পাঠচক্রকে ৪ গোলে উড়িয়ে ঘরোয়া লিগ অভিযান শুরু করলেন কিয়ান, সুহেলরা। সবুজ-মেরুন জার্সিতে অভিষেকেই দুরন্ত সায়ন ব্যানার্জি। লক্ষ্যভেদে সফল কিয়ান নাসিরি, সুহেল ভাট, সায়ন ও বিভান। তবে বড়ো জয়ের দিনেও ফ্লাডলাইট নিয়ে সামান্য অস্বস্তিতে মোহন বাগান। এদিন বাতিস্তম্ভের বেশ কিছু অংশ জ্বলেনি। তা নিয়ে অবশ্য কোনো প্রতিবাদ করেনি পাঠচক্র। তবে মোহন বাগান মাঠে পরের ম্যাচগুলি সাড়ে তিনটে’য় দেওয়ার পরিকল্পনা আইএফএ’র।
গত মরশুমে লাল-হলুদ জার্সিতে দুরন্ত ফর্মে ছিলেন সায়ন। এবার ইস্ট বেঙ্গল থেকে তাঁকে ছিনিয়ে নেয় মোহন বাগান ম্যানেজমেন্ট। শুরুর দিনেই লেটার মার্কস পাবেন আসানসোলের বঙ্গসন্তান। প্রথমার্ধের ২১ মিনিটে কিয়ানের গোলে লিড নেয় সবুজ-মেরুন ব্রিগেড (১-০)। কারিগর সায়ন। বিরতির পর আক্রমণের চাপ বজায় ছিল মোহন বাগানের। সেখান থেকেই ৬৫ মিনিটে সুহেলের লক্ষ্যভেদ। রাজ বাসফোরের থ্রু ধরে রোহিত ক্রস রাখেন পাঠচক্র বক্সে। অরক্ষিত সুহেল ফাঁকায় বল জালে জড়ান (২-০)। এরপর ম্যাচের সংযোজিত সময়ে স্কোরশিটে নাম তোলেন সায়ন (৩-০) ও বিভান (৪-০)। ম্যাচ জিতলেও সুহেলের ফিটনেস নিয়ে চিন্তায় থাকবেন সবুজ-মেরুন কোচ বাস্তব রায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ