


শিবাজী চক্রবর্তী, কলকাতা: দুপুরের রোদে ফর্সা মুখে লালচে আভা। চুলে হালকা স্পাইক। ধবধবে সাদা টি-শার্টে আঁকা মোহন বাগানের লোগো। মুম্বইয়ের কথা উঠতেই সেদিকে আলগোছে তাকিয়ে কাঁধ ঝাঁকালেন সের্গিও লেবেরা। স্প্যানিশ কোচ সোজাসুজি কথা বলেন। রাখঢাক কম। মুম্বই ম্যাচের আগে লোবেরার মন্তব্য, ‘শুক্রবার জিততেই হবে। ঘরের মাঠে ৩ পয়েন্ট ছাড়া কিছুই ভাবছি না।’ মেগা ম্যাচের আগেই অবশ্য আরও খুশির খবর এল মোহন বাগান শিবিরে। দুর্বল স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল জামশেদপুর। অর্থাৎ শীর্ষে থেকেই মুম্বইয়ের বিরুদ্ধে নামবে লোবেরা ব্রিগেড। ৫ ম্যাচে কামিংসের পয়েন্ট ১৩। এক ম্যাচ বেশি খেলে একই বিন্দুতে দাঁড়িয়ে ইস্পাতনগরীর ফ্র্যাঞ্চাইজি। তবে গোলপার্থক্যে পিছিয়ে আওয়েন কোয়েলের দল। অর্থাৎ শুক্রবার মুম্বইকে বশ মানলেই ৩ পয়েন্টের পার্থক্য গড়ে ফেলবে মোহন বাগান।
আইএসএলে যুবভারতী এখন মোহন ভারতী। সবুজ-মেরুন টর্পেডোয় প্রতিপক্ষের সোনার বজরাও ছারখার। সেখানে উজ্জ্বল ব্যতিক্রম মুম্বই। গত মরশুমে যুবভারতীতে মোহন বাগানকে ২-২ গোলে রুখে দেয় ক্র্যাটকির দল। দু’বছর আগে আইএসএল ফাইনালেও কামিংসদের বাড়া ভাতে ছাই দিয়েছিলেন পেরেরা ডিয়াজ, ছাংতেরা। মোহন বাগানের বশ্যতা না মেনে বারবার বিদ্রোহী হয়েছে নীতা আম্বানির শহরের ফ্র্যাঞ্চাইজি। বছর পাঁচেক আগে এই মুম্বইয়ের কোচ ছিলেন লোবেরা। রেয়াত করেননি হাবাসের দলকেও। ছাংতে, জাহুদের মুম্বই নিয়ে তাঁর রাশি রাশি নস্টালজিয়া। শিবির বদলে লোবেরা এবার মোহন বাগানে। শুক্রবারের ম্যাচ তাঁর কাছে কার্যত ধর্মযুদ্ধ। এদিন সাংবাদিক বৈঠকে তা মনে করাতেই লোবেরার মুখ গম্ভীর। বললেন, ‘অতীত ভুলে যান। এবার অন্য মোহন বাগান। আমার দল তৈরি।’
কোন অস্ত্রে বিপক্ষকে টেক্কা দিতে চান লোবেরা? তাঁর প্রথম দল নিয়ে মন্তব্য করা বোকামি। এদিনও হাতের টেক্কা স্রেফ লুকিয়ে রাখলেন তিনি। তবে রবসন ও আলবার্তো অনেকটাই ফিট। পরিস্থিতি অনুযায়ী তাঁদের ব্যবহার করবেন পালতোলা নৌকার নাবিক। আগের ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে লাল কার্ড দেখায় রাইট উইং ব্যাক ভালপুইয়াকে পাবে না মুম্বই। ওই জায়গা রবসনদের মুক্তাঞ্চল হওয়া উচিত। চোটের কারণে ব্রেন্ডন ফার্নান্ডেজও নেই। তবে দক্ষিণী নৌফল, ছাংতে ও ওর্টিজের কম্বিনেশনও বেশ জমাট। অনেকেরই ধারণা, মোহন বাগানের জয়ের কাঁটা হতে পারেন দুই প্রাক্তনী জনি কাউকো ও নুনো রেইস। ফিনল্যান্ডের কাউকো বড় ফুটবলার। মাঝমাঠে বড় শরীর ট্যাঙ্কের মতো ব্যবহার করেন। কিন্তু তাঁরও বয়স বাড়ছে। কলকাতার গরমে একনাগাড়ে ৯০ মিনিট অপারেট করা সমস্যার। মুম্বই গাঁট টপকাতে তার সুযোগ নিতে হবে অনিরুদ্ধ থাপা, পেত্রাতোসদের। তিরিহীন রক্ষণে ফাটল ধরানোর সেরা অস্ত্র উইং থেকে চাপ বাড়ানো। অন্যদিকে, নুনো গতবার মোহন বাগানে ছিলেন। কামিংসদের হাতের তালুর মতো চেনেন। পর্তুগিজ ডিফেন্ডারের মন্তব্য, ‘মোহন বাগান আপফ্রন্টের বিরুদ্ধে আমাদের কঠিন পরীক্ষা। তবে কামিংসদের খেলার প্যাটার্ন জানা। ওদের রুখতে চেষ্টার ত্রুটি থাকবে না।’
যুবভারতীতে ম্যাচ শুরু ৭-৩০ মিনিটে।
সম্প্রচার ফ্যান কোড ও সোনি স্পোর্টসে।