নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যত কাণ্ড মহমেডানে! ফুটবলারদের বকেয়া মেটাতে না পারায় আগেই ফিফা নির্বাসনের কোপে পড়তে হয়েছিল সাদা-কালো ব্রিগেডকে। গত মরশুমে রিজার্ভ দলের ফুটবলারদের নিয়েই আইএসএলে খেলতে হয় তাদের। অবশেষে সেই নির্বাসন উঠলেও, এখনই ফুটবলার সই করাতে পারবে না তারা। তার জন্য অপেক্ষা করতে হবে ২০২৭ সালের জানুয়ারি ট্রান্সফার উইন্ডো পর্যন্ত। অথচ ক্লাব কর্তারা সেই বিষয়ে নজর না দিয়েই একের পর এক ফুটবলারের সঙ্গে প্রাথমিক চুক্তি সেরে ফেলেন। মঙ্গলবারই শেষ হয় ফিফার ট্রান্সফার উইন্ডো। এরপরই নতুন ফুটবলারদের নথিভুক্ত করতে গিয়ে গোটা বিষয়টা নজর আসে। এরপরই শুরু হয় একে অপরকে দোষারোপের পালা। গোটা গাফিলতির জন্য বিগত কমিটিকে দায়ী করছেন বর্তমান কর্তারা। আবার বিদায়ী কর্তারা দোষ ঠেলছেন ফেডারেশনের ঘাড়ে।



