Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

এপস্টাইন ফাইল নিয়ে মোদিকে তীব্র আক্রমণ মহম্মদ সেলিমের

আসানসোল দক্ষিণে ভোটে লড়ছেন বিজেপির তারকা প্রার্থী অগ্নিমিত্রা পল। তাঁর বিরুদ্ধে সিপিএম প্রার্থী করেছে মহিলা সমিতির জেলা সম্পাদক শিল্পী চক্রবর্তীকে

এপস্টাইন ফাইল নিয়ে মোদিকে তীব্র আক্রমণ মহম্মদ সেলিমের
  • ১৩ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বার্নপুর: আসানসোল দক্ষিণে ভোটে লড়ছেন বিজেপির তারকা প্রার্থী অগ্নিমিত্রা পল। তাঁর বিরুদ্ধে সিপিএম প্রার্থী করেছে মহিলা সমিতির জেলা সম্পাদক শিল্পী চক্রবর্তীকে। শিল্পী চক্রবর্তীর প্রচারে এসে নরেন্দ্র মোদির বিরুদ্ধে অলআউট আক্রমণে গেলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রবিবার বার্নপুরে বর্ণাঢ্য মিছিল করার পর বাস স্ট্যান্ডের পথসভা থেকে এপস্টাইন ফাইল নিয়ে মোদিকে তীব্র আক্রমণ করেন সেলিম। বলেন, এপস্টাইন ফাইলে নেতানিয়াহু, আমেরিকার ট্রাম্প, মোদি এইসব দক্ষিণপন্থী নেতাদের কেলেঙ্কারি ফাঁস হয়েছে। বিদেশ ভ্রমণের নাম করে ফুর্তি করেছেন। 

Advertisement

ভোটের আগের তপ্ত বাংলা। তৃণমূল ও বিজেপি সম্মুখ সমরে। যদিও এপস্টাইন ফাইল নিয়ে কোনো কথা সেভাবে এতদিন ওঠেনি। এবার কিন্তু সেই মৌচাকেও ঢিল ছুড়লেন মহম্মদ সেলিম। যা বিজেপিকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। বিজেপির জেলা সহ সভাপতি প্রশান্ত চক্রবর্তী বলেন, যে দল সম্পূর্ণভাবে নোংরামিতে পূর্ণ, তাঁদের নেতার কোনো কুরুচিকর মন্তব্যের প্রতিক্রিয়া দেব না। 
মহম্মদ সেলিম কিন্তু এপস্টাইন ফাইলেই থেমে থাকেননি। তিনি প্রশ্ন তুলেছেন নরেন্দ্র মোদির বিদেশ নীতি নিয়েও। তিনি বলেন, মোদি তথাকথিত বিশ্বগুরু। অথচ ইরান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছে পাকিস্তান। কেন আমাদের দেশ সেই গুরুত্ব পেল না। প্রতিবেশী দেশ আমাদের অতিথি হিসেবেও আমন্ত্রণ করল না। তিনি বলেন, ট্রাম্পকে সমর্থন করতে গিয়ে আমাদের পুরনো বন্ধু দেশগুলিকেও আমরা হারিয়েছি। বিশ্বগুরু দূরে থাক, আমরা এখন আর আঞ্চলিক গুরুও নই। ওঁদের ভুল বিদেশ নীতির জেরে আমরা ‘আইসোলেটেড’ হয়ে গিয়েছি। বার্নপুরে এসে সেলিম গ্যাসের কালোবাজারি নিয়েও সরব হন। তিনি বলেন, বার্নপুরে মিছিল করে দেখলাম আগেকার দিনের মাটি, লোহার উনুন করে বিক্রি হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে না পিছিয়ে পড়ছে তা আপনারাই বুঝতে পারছেন। জ্বালানি তেলের দাম বাড়িয়ে মোদি, মমতা ফায়দা নেয়। জিএসটির টাকায় বিদেশে গিয়ে ফুর্তি করে। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, ন্যূনতম মজুরির কথা একমাত্র বামপন্থীরাই বলেছে। বেপরোয়া ভাবে রাজ্যের বিভিন্ন নদী থেকে তৃণমূল সরকার বালি তুলছে। যার জন্য ব্রিজ ভেঙে পড়ছে। তৃণমূল বিজেপি দুজনই মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করছে। আমরা বলি এটা মানুষকে বিভাজন করার রাজনীতি। 
রবিবার সকালে আসানসোল দক্ষিণ বিধানসভার বার্নপুরের বাড়ি ময়দানে জমায়েত হন সিপিএম কর্মী সমর্থকরা। সিপিএম নেতা আভাস রায়চৌধুরী, জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায়, সেলিম ও প্রার্থী শিল্পী চক্রবর্তীকে নিয়ে বর্ণাঢ্য মিছিল শুরু করেন। মিছিলের সামনে ছিল বিশাল আকারের কাস্তে হাতুড়ি তারার কাট আউট। তারপর লাল পেড়ে সাদা শাড়ি পড়ে মহিলা ঢাকির দল এসেছিল ধেনুয়া থেকে।  প্রার্থীকে নিয়ে সুবিশাল মিছিল প্রদক্ষিণ করে বার্নপুর স্টেশন রোড। তারপর ত্রিবেণী মোড় হয়ে বার্নপুর বাস স্ট্যান্ড পর্যন্ত যায়। প্রতিবন্ধী পরেশ বাউরি লাঠির উপর ভর দিয়ে মিছিলে হাঁটতে থাকেন। মেয়েকে নিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন নিতু গঙ্গোপাধ্যায়। মহম্মদ সেলিমকে দেখার জন্যই তিনি মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন রাস্তার ওপর। তেমনই আবার সিপিএমের লাল টুপি পরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন অরূপ রায়। তিনি বলেন, পরিবর্তন এবার দরকার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ