নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনঘন বিদেশ ভ্রমণ নিয়ে বিতর্কের অন্ত নেই। প্রায়শই এই নিয়ে বিরোধীরা তাঁকে খোঁচা দিয়ে থাকেন। তার মধ্যেই গত চার বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের জন্য কত টাকা খরচ হয়েছে, তার হিসেব দিল কেন্দ্র। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য ডেরেক ও’ব্রায়েন প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচের বিষয়ে জানতে চেয়েছিলেন। তাতে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মোদির বিদেশ সফরের জন্য খরচ হয়েছে ২৯৫ কোটি টাকা! এই সময়ের মধ্যে ৩৮টি দেশে গিয়েছিলেন তিনি। এছাড়া চলতি বছরে মোদির আমেরিকা ও ফ্রান্স সফরের হিসেবও দিয়েছে কেন্দ্র। দেখা যাচ্ছে, ওই দুই দেশ সহ মোট পাঁচটি দেশে সফরের জন্য খরচ হয়েছে ৬৭ কোটি টাকার বেশি। তবে এই সময়সীমার মধ্যে আরও কিছু দেশে মোদির সফরের খরচের হিসেব দেয়নি কেন্দ্র। ফলে সব মিলিয়ে খরচের পরিমাণ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।
কেন্দ্রের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, চলতি বছরে মোদির ফ্রান্স সফরের জন্য সবচেয়ে বেশি ২৫ কোটি টাকা খরচ হয়েছে। এরপরেই রয়েছে ২০২৩ সালে মোদির আমেরিকা সফর। সেবার খরচ হয়েছিল ২২ কোটি টাকা। কেন্দ্রের তথ্যে দেখা যাচ্ছে, ২০২১ সাল থেকে মোদির বিদেশ সফরের খরচ ক্রমাগত বেড়েছে। ২০২১ সালে তাঁর বিদেশ সফরের জন্য খরচ হয়েছিল প্রায় ৩৬ কোটি টাকা। বাংলাদেশ, আমেরিকা, ইতালি ও ব্রিটেন সফরের ওই টাকা খরচ হয়েছিল। ২০২২ সালে মোদির বিদেশ সফরে খরচ হয় প্রায় ৫৬ কোটি টাকা। ২০২৩ সালে খরচ হয় ৯৩ কোটি টাকা। ২০২৪ সালে ১৬টি দেশে গিয়েছিলেন মোদি। এর জন্য খরচ হয় প্রায় ১০৯ কোটি টাকা।
চলতি বছরে ফ্রান্স ছাড়া প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের জন্য ১৬ কোটি টাকার বেশি, থাইল্যান্ড সফরের জন্য প্রায় ৫ কোটি টাকা খরচ হয়েছে। এছাড়া সৌদি আরব সফরে ১৫ কোটি টাকার বেশি ও শ্রীলঙ্কা সফরের জন্য ৪ কোটি টাকার বেশি খরচ হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। এছাড়া এই বছরের প্রধানমন্ত্রী মরিশাস, সাইপ্রাস, কানাডা, ক্রোয়েশিয়া, ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া সফরে গিয়েছিলেন। ওই দেশগুলিতে যাওয়ার জন্য কেন্দ্রের কত টাকা খরচ হয়েছে, তার হিসেব অবশ্য বিদেশ মন্ত্রক দেয়নি।