ব্রাতিস্লাভা: আজ, বুধবার জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য, ভিসা সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বসবেন দুই রাষ্ট্রনেতা। মঙ্গলবার স্লোভাকিয়া সফর শেষ করে ফ্রান্সে ফিরে আসেন মোদি। ইভিয়ানে দু’দিনব্যাপী জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেন। শীর্ষ সম্মেলনে উপস্থিত রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইভিয়ানে পৌঁছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন করেন মোদি। বেশ কিছুক্ষণ কথাও বলেন দু’জনে। মার্কিন হামলায় ভারতীয় নাবিকদের মৃত্যু থেকে শুরু করে শুল্ক— সম্প্রতি একাধিক বিষয় নিয়ে বচসায় জড়িয়েছে ওয়াশিংটন-নয়াদিল্লি। এই পরিস্থিতিতে ট্রাম্প-মোদির এই দ্বিপাক্ষিক বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছে আন্তর্জাতিক মহল। বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। রবিবার ফ্রান্স থেকে স্লোভাকিয়ায় যান তিনি। সেখানকার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক ইস্যু নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন। স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মান ‘দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’-এ ভূষিত করা হয়েছে নরেন্দ্র মোদিকে। ব্রাতিস্লাভায় তাঁর হাতে এই সম্মান তুলে দেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি। এই নিয়ে মোট ৩৩টি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন মোদি। নতুন সম্মান পাওয়ার পর এক্স হ্যান্ডলে তাঁর পোস্ট, ‘ব্রাতিস্লাভায় দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস) পেয়ে আমি সম্মানিত। স্লোভাকিয়ার মানুষ ও সরকারকে কৃতজ্ঞতা জানাই। এই সম্মান ভারতের ১৪০ কোটি মানুষের জন্য। ভারত ও স্লোভাকিয়ার বন্ধুত্বকে এই বিশেষ পুরস্কার উৎসর্গ করি।’



