


ওসলো: চাটাইয়ে বসে বীণ বাজাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ঝাপি থেকে বেরিয়ে ফণা তুলে নাচছে সাপ। থুড়ি সাপ নয় পেট্রল পাম্পের নজেল। ভারতে পেট্রল-ডিজেলের দামবৃদ্ধি ও প্রধানমন্ত্রীর নরওয়ে সফরে সাম্প্রতিক বিতর্কের আগুনে এবার ঘি ঢালল সেখানকার দৈনিক সংবাদপত্র আফটেনপোস্টেন। মোদিকে সাপুড়ে বানিয়ে কার্টুন প্রকাশ করল নরওয়ের এই সর্বাধিক প্রচারিত সংবাদপত্র। ‘একজন চালাক ও একটু বিরক্তিকর মানুষ’— শিরোনামে প্রকাশিত একটি কলামের জন্যই আঁকা হয়েছে কার্টুনটি। বিষয়টি সামনে আসতেই বিতর্ক চরমে। উঠেছে নিন্দার ঝড়ও।
সদ্যই নরওয়ে সফর শেষ করেছেন মোদি। ওই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ ব্রিফিংয়ের পর সেখানকার মহিলা সাংবাদিক হেলে লিংয়ের প্রশ্নের উত্তর না দিয়েই মোদি চলে যান। বিষয়টি নিয়ে বিতর্কের মধ্যেই নরওয়ের সংবাদপত্রে প্রকাশিত কার্টুন ঘিরে চাপানউতোর শুরু হয়েছে। বিভিন্ন মহল সমালোচনায় সরব। সমাজমাধ্যমেও প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। অনেকেই বলেছেন, বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কাউকে অপমান করে বাক স্বাধীনতা পাওয়া যায় না। আর এক নেটিজেনের কটাক্ষ, নরওয়ের ‘স্বাধীন সংবাদমাধ্যম’ এখনও উনিশ শতকের ঔপনিবেশিক মানসিকতার কার্টুনে আটকে রয়েছে। প্রধানমন্ত্রী ভারতের তালে গোটা বিশ্বকে নাচিয়েছেন। তাই আমাদের উত্থান ওরা হজম করতে পারছে না। আবার কেউ কেউ আবার পেট্রল-ডিজেলের দামবৃদ্ধিতে সরব হয়ে এই কার্টুনকে সমর্থনও জানিয়েছেন। তবে প্রধানমন্ত্রীর দপ্তর বা ভারত সরকারের তরফে এনিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ২০২২ সালে স্প্যানিশ সংবাদপত্রে ভারতের অর্থনৈতিক উত্থান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আর সেখানেও সাপুড়ে প্রতীক ব্যবহার নিয়ে বিতর্ক চরমে ওঠে। সেই বিতর্কিত কার্টুন। ছবি সমাজমাধ্যম