এশিয়াডে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ মোদির
  • ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল এশিয়াডে সোনা জয়ী পুরুষ ও মহিলা দলের ক্রিকেটাররা। প্রায় প্রত্যেক ক্রীড়াবিদই প্রধানমন্ত্রীর হাতে কোনও না কোনও স্মারক তুলে দিয়েছেন। তাঁদের উদ্দেশে মোদি বলেন, ‘আপনারা ১৪০ কোটি দেশবাসীকে গর্বিত করেছেন। তেরঙা ওড়ানোই সবচেয়ে বড় সাফল্য। আর তা শুধুমাত্র আপনাদের নিজস্ব নয়, দেশের প্রত্যেক মানুষের। গোটা দেশের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ।’ মহিলা ক্রীড়াবিদদের কথা আলাদা করে উল্লেখ করেছেন মোদি। তিনি বলেন, ‘মহিলা ক্রীড়াবিদদের শুভেচ্ছা। আপনারা ৩৮টি পদক জিতেছেন, যার মধ্যে ১১টি সোনা। মহিলা হকি দল ৪৪ বছরের খরা কাটিয়ে সোনা জিতেছে, যা অত্যন্ত আনন্দের।’

Advertisement

এদিন পদকজয়ীদের সঙ্গে ছবি তোলেন প্রধানমন্ত্রী। সইে সঙ্গে বলেন, ‘স্বপ্ন এক দিনে সফল হয় না। তার জন্য বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং দায়বদ্ধতা দরকার। গত ১২ বছরে ভারত ধৈর্য দেখিয়েছে। ক্রীড়া পরিকাঠামোর উন্নতি ঘটিয়েছে। আগে বড়ো প্রতিযোগিতায় হাতেগোনা পদক আসত। খুব বেশি খেলা জানতও না। আমরা এই নেতিবাচক মনোভাব কাটিয়ে উঠেছি। এখন বিশ্বমঞ্চে আমাদের প্রতিনিধিত্ব বেড়েই চলেছে।’