Bartaman Logo
২১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গার্ডেনরিচে তিন দেশীয় প্রযুক্তির অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন মোদি

গার্ডেনরিচে প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করলেন তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। দেশীয় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেবে প্রতিরক্ষা শক্তি। বিস্তারিত পড়ুন।

গার্ডেনরিচে তিন দেশীয় প্রযুক্তির অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন মোদি
  • ২১ জুন, ২০২৬ ১১:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার যোগ দিবসে আজ অংশগ্রহণ করলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যোগদিবসের কর্মসূচি  সেরেই তিনি পৌঁছে যান গার্ডেনরিচে। আজ সেখানে ভারতীয় নৌবাহিনীর জন্য দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন তিনি। 

Advertisement

কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট থেকে যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্র এবং আইএনএস সংশোধক আজ নৌসেনার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি,  শুভেন্দু অধিকারী এবং ভারতীয় নৌসেনার বিশিষ্ট আধিকারীকরা। সরকারি সূত্রে জানা গেছে, জাহাজগুলির নির্মাণে ৭৫ শতাংশেরও বেশি দেশীয় উপাদান ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ২০০-রও বেশি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান (এমএসএমই) এই প্রকল্পে অংশগ্রহণ করেছে। এর ফলে দেশের প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরতা আরও জোরদার হয়েছে বলে মনে করা হচ্ছে। 

নীলগিরি স্তরের পঞ্চম জাহাজ হিসাবে দুনাগিরির পাশাপাশি অ্যান্টি সাবমেরিন যুদ্ধশৈলির ‘অগ্র’ এবং সার্ভে ভেসেল ‘সংশোধক’ যুদ্ধজাহাজ যুক্ত হবে ভারতীয় নৌবাহিনীতে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যুদ্ধ পরিস্থিতির মোকাবিলার জন্যই অ্যান্টি সাবমেরিন থেকে শুরু করে ব্রহ্মস সহ আধুনিক মিসাইল প্রয়োগে সক্ষম যুদ্ধজাহাজের উদ্বোধন করা হল। বাহিনীতে একইসঙ্গে এই তিন জাহাজের যোগদান নৌবাহিনীর শক্তি বহুগুণ বাড়াবে। জানা গিয়েছে, ‘অগ্র’ মূলত আরনালা স্তরের অ্যান্টি সাবমেরিন জাহাজ এবং ‘সংশোধক’ উপকূলীয় এবং গভীর সমুদ্রে সমীক্ষার কাজ করার জন্য গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে, যে দেশ উৎপাদনে স্বনির্ভর হবে, ভবিষ্যতে সেই দেশই বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, ভারত সামুদ্রিক শক্তির ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছানোর পথে এগোচ্ছে এবং আগামী দিনে এই শক্তি আরও বৃদ্ধি করা হবে। তাঁর কথায়, ভারতের প্রকৃত শক্তির ভিত্তিই হল আত্মনির্ভরতা। মোদী আরও জানান, সামুদ্রিক পরিকাঠামোয় বিনিয়োগ বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, একসময় ভারত প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বিদেশের উপর অনেকটাই নির্ভরশীল ছিল। কিন্তু বর্তমানে দেশীয় উৎপাদন বৃদ্ধি পাওয়ায় প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ