Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

হাসপাতালের সমস্যা ও অটো-টোটো নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা বিধায়কদের

শনিবার বারাকপুরের প্রশাসনিক ভবনে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক হল। উপস্থিত ছিলেন জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া এবং সব দপ্তরের প্রশাসনিক কর্তাব্যক্তিরা।

হাসপাতালের সমস্যা ও অটো-টোটো নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা বিধায়কদের
  • ১৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার বারাকপুরের প্রশাসনিক ভবনে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক হল। উপস্থিত ছিলেন জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া এবং সব দপ্তরের প্রশাসনিক কর্তাব্যক্তিরা। বৈঠকে নবনির্বাচিত বিধায়করা দমদম, বারাকপুর লোকসভা কেন্দ্রের সব ক’টি বিধানসভা এলাকার নানা সমস্যা তুলে ধরেন। উন্নয়নের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

Advertisement

বৈঠকের পরে অর্জুন সিং বলেন, সরকার গঠনের সাতদিনের মধ্যে এই প্রশাসনিক বৈঠক হল। আমরা বলেছি, আরটিওতে ঘুঘুর বাসা চলছে। এসডিও অফিসে বিভিন্ন সার্টিফিকেট নিতে হয়রান হতে হচ্ছে। সংশোধানাগারে রীতিমতো কল সেন্টার চলছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এছাড়া অটো, টোটো নিয়ন্ত্রণ করতে হবে। এগুলি সব বেআইনিভাবে চলছে। যেমন খুশি পয়সা তুলছে।
বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি বলেন, এটা প্রথম পর্বের প্রশাসনিক বৈঠক। আমরা প্রথম বারের বিধায়ক। সব দপ্তরের অফিসারদের সঙ্গে পরিচয় হল। আমি বি এন বসু হাসপাতালের কথা তুলে ধরেছি। আমি দু’দিন আগে ওই হাসপাতালে গিয়েছিলাম। ছাদে ফাটল দেখেছি। বৈঠকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেই সঙ্গে হাসপাতালে খুবই বিড়ালের উৎপাতের কথা শুনেছি। তাও নিয়ন্ত্রণ করা দরকার। তাছাড়া হাসপাতালে সুইপারের অভাবও রয়েছে। বারাকপুর পুরসভার ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ডে ডাম্পিং গ্রাউন্ড রয়েছে। এই ব্যাপারটিতে মানুষের খুবই অসুবিধা হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
খড়দহের বিধায়ক কল্যাণ চক্রবর্তী বলেন, খড়দহ শহরের প্রধান সমস্যা হল স্টেশনের সঙ্কীর্ণ রাস্তা। সেখানকার যানযন্ত্রণা দূর করতে একটি উড়ালপুল করা দরকার। সেই ব্যাপারটি তুলে ধরা হয়েছে। এছাড়া বলরাম হাসপাতালের সার্বিক উন্নয়ন করতে হবে। সেখানে একটি ব্লাড ব্যাঙ্ক করা দরকার। জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া বলেন, সব বিধায়কের কথা শোনা হয়েছে। সকলেই নানা সমস্যার কথা উল্লেখ করেছেন। সমস্ত কিছু লিখে নেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ