সংবাদদাতা, হলদিয়া: রবিবার হলদিয়ার কুমোরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা। পরিবারের বেঁচে যাওয়া স্কুল ছাত্রী জিশা আরফিনের পাশে থাকার অঙ্গীকার করেন বিধায়ক। পাশাপাশি সরকারি সহায়তা প্রদানেরও অঙ্গীকার করেন তিনি।
এদিন তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা ও পঞ্চায়েত প্রধান রামকৃষ্ণ দাস। শনিবার সন্ধ্যায় হলদিয়া ভবানীপুর থানা এলাকায় কুমারপুর গ্রামে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। বাংলা আবাস যোজনার নতুন নির্মিয়মাণ বাড়িতে নিজেরাই বিদ্যুত সংযোগের কাজ করছিলেন। ওই সময় শর্টসার্কিট হয়ে দুর্ঘটনা ঘটেছে বলেই প্রাথমিক অনুমান । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে পরিবারের এক সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হলে তাঁকে বাঁচাতে গিয়ে পরপর আরও দু'জন বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন। ঘটনাস্থলেই তিনজন গুরুতর জখম হন। প্রতিবেশীরা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সিরাজ মল্লিক (৪৩), তাঁর স্ত্রী আলিয়া বিবি (৪১) এবং তাঁদের ১২ বছরের ছেলে আনাস আলম মল্লিক। ওই মর্মান্তিক ঘটনায় কুমারপুর গ্রামে শোকের ছায়া নেমেছে।