Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পদ্মা খালের সংস্কারের সূচনা বিধায়কের হাবড়ায় জলযন্ত্রণা মুক্তির আশা

বর্ষাকালে জলমগ্ন হয়ে পড়ত হাবড়া বিধানসভার বিস্তীর্ণ এলাকা। এর মূল কারণ পদ্মা খালের বেহাল দশা। এলাকাবাসীরা বারবার প্রশাসনের কাছে এই খাল সংস্কার করার কথা বললেও কাজের কাজ কিছু হয়নি।

পদ্মা খালের সংস্কারের সূচনা বিধায়কের হাবড়ায় জলযন্ত্রণা মুক্তির আশা
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বর্ষাকালে জলমগ্ন হয়ে পড়ত হাবড়া বিধানসভার বিস্তীর্ণ এলাকা। এর মূল কারণ পদ্মা খালের বেহাল দশা। এলাকাবাসীরা বারবার প্রশাসনের কাছে এই খাল সংস্কার করার কথা বললেও কাজের কাজ কিছু হয়নি। অবশেষে পদ্মা খালের বহু প্রতীক্ষিত সংস্কার শুরু করল রাজ্যের সেচদপ্তরের বিদ্যাধরী ক্যানাল ডিভিশন। শনিবার উত্তর হাবড়ায় এই কাজের সূচনা করেন বিধায়ক দেবদাস মণ্ডল। আর্থমোভার নামিয়ে খালের মাটি কাটার কাজ শুরু হয়। উত্তর হাবড়া থেকে শুরু হয়ে বদরতলা হয়ে নাংলা বিলে গিয়ে মিশেছে পদ্মা খাল। প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এই খালটি দীর্ঘদিন সংস্কারের অভাবে প্রায় মজে গিয়েছে। কোথাও কোথাও খালের জমি দখল করে বেআইনি নির্মাণও হয়েছে। ফলে খালের জলধারণ ক্ষমতা তলানিতে ঠেকেছে। এর জেরেই সামান্য বৃষ্টিতেই খালের জল উপচে হাবড়া পুরসভার একাধিক ওয়ার্ড ও সংলগ্ন পঞ্চায়েত এলাকা জলমগ্ন হয়ে পড়ত। প্রতিবছর একই চিত্রের পুনরাবৃত্তি হলেও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি।

Advertisement

বিজেপির দেবদাস মণ্ডল বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই এই জলযন্ত্রণা থেকে বাসিন্দাদের মুক্তি দিতে পদ্মা খাল সংস্কারের বিষয়টিতে অগ্রাধিকার দেন। এদিন দেবদাসবাবু বলেন, পদ্মা খাল সংস্কার না হওয়ায় মানুষকে খুবই দুর্ভোগে পড়তে হয়েছে। আগের সরকার কোনো কাজ করেনি। এখন সেচদপ্তর সংস্কারের কাজ শুরু করেছে। বর্ষার কারণে কিছুটা বিঘ্ন ঘটতে পারে কাজে। তবে আগামী বছর হাবড়ার বিস্তীর্ণ এলাকার মানুষ জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ