সংবাদদাতা, কৃষ্ণনগর: আধার কার্ডে নামের বানান ভুল, ব্যাংকের নথির সঙ্গে তথ্যের অমিল কিংবা মোবাইল নম্বর লিংক না থাকার কারণে সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে ডিবিটি সংক্রান্ত সুবিধা, ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি সহ অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ কাজ আটকে যাচ্ছে। ফলে সমস্যার সমাধানের আশায় প্রতিদিনই কৃষ্ণনগরের আধার পরিষেবা কেন্দ্রে ভিড় করছেন শতাধিক মানুষ।
প্রতিদিন সকাল থেকেই কৃষ্ণনগর সদর মোড়ের এবং পোস্ট অফিসে আধার কেন্দ্রের সামনে দীর্ঘ লাইন চোখে পড়ছে। প্রখর গরম ও অস্বস্তিকর আবহাওয়া উপেক্ষা করেই বহু মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন শুধুমাত্র আধারের তথ্য সংশোধনের জন্য। কেউ এসেছেন নামের বানান ঠিক করাতে, কেউ আবার আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করতে। অনেকের ক্ষেত্রে আধার কার্ডের নামের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের নামের বানান মিলছে না। কারও প্যান কার্ডের তথ্যের সঙ্গে অমিল রয়েছে, আবার কারও ভোটার কার্ড ও আধারের তথ্য এক নয়। এই সামান্য ভুলই এখন বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
লাইনে দাঁড়ানো এক ব্যক্তি কৌশিক হালদার বলেন, বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করতে গেলে আধারের তথ্য সঠিক থাকা বাধ্যতামূলক। সেই সাথে ডিবিটি পরিষেবা চালু থাকতে হবে। কিন্তু ক্যাফে তে গিয়ে না হবার পর ব্যাংকে যায়। সেখানে গিয়ে শুনি নামের বানানের ভুলের কারণে হচ্ছে না। তাই নামের বানান সংশোধন করতে এসেছি।
স্বপ্নীল বিশ্বাস নামে এক প্রবীণ ব্যক্তি বলেন, আমার কার্ডে মোবাইল নম্বর লিংক নেই। তাই এসেছি লিংক করাতে। বয়স্ক ভাতা অ্যাপ্লাই করবো। যা ভিড় আর রোদ এর মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে।
লাইনে দাঁড়ানো বহু মানুষের দাবি, বর্তমানে আধার সংক্রান্ত সমস্যার সংখ্যা এতটাই বেড়েছে যে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের ভিড় করছেন। সকাল থেকে লাইনে দাঁড়িয়েও বেশিরভাগ জনের কাজ শেষ হতে বেশ কয়েক ঘণ্টা লেগে যাচ্ছে । বর্তমান সময়ে আধার কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র নয়, বরং প্রায় সমস্ত সরকারি ও আর্থিক পরিষেবার সঙ্গে সরাসরি যুক্ত একটি গুরুত্বপূর্ণ নথি। সরকারি ভর্তুকি, সামাজিক সুরক্ষা প্রকল্প, বার্ধক্য ভাতা, কৃষক সহায়তা, স্বাস্থ্য প্রকল্প থেকে শুরু করে ব্যাংকিং পরিষেবা সব ক্ষেত্রেই আধারের গুরুত্ব অপরিসীম। ফলে আধারের তথ্যের সঙ্গে অন্য নথির সামান্য অমিল থাকলেও নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
সরকারি প্রকল্পের জন্য আধারের তথ্য সংশোধন ও মোবাইল নম্বর সংযুক্তিকরণ এখন বহু মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হয়ে উঠেছে। সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হতে এবং ভবিষ্যতের প্রশাসনিক জটিলতা এড়াতে প্রতিদিনই শত শত মানুষ আধার পরিষেবা কেন্দ্রের দ্বারস্থ হচ্ছেন। নিজস্ব চিত্র