


কাঠমাণ্ডু, ২২ মে: ভারতের সীমান্ত রক্ষার পাশাপাশি এবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেও ইতিহাস গড়ল বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রথম সর্ব-মহিলা মাউন্ট এভারেস্ট অভিযান দল। ‘মিশন বন্দে মাতরম’এর আওতায় এই সাহসী অভিযানে অংশ নেয় চার মহিলা জওয়ান। তাঁরা সকলেই সফলভাবে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে দেশের গর্ব আরও উজ্জ্বল করলেন।
ভারতীয় সময় শুক্রবার সকাল ৮টা। ৮,৮৪৮.৮৬ মিটার উচ্চতার এভারেস্ট শিখরে পা রাখেন লাদাখের কনস্টেবল কাউসার ফাতিমা, পশ্চিমবঙ্গের কনস্টেবল মুনমুন ঘোষ, উত্তরাখণ্ডের কনস্টেবল রেবেকা সিং এবং কার্গিলের কনস্টেবল তাসেরিং চোরোল। বিএসএফ এর ইতিহাসে এই প্রথম কোনও সর্ব-মহিলা দল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করল।
বিএসএফের ডায়মন্ড জুবিলি বর্ষ উদযাপনের অংশ হিসেবেই এই বিশেষ অভিযান সংগঠিত হয়। অক্সিজেনের স্বল্পতা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অদম্য মানসিক শক্তি নিয়ে এগিয়ে যান এই চার মহিলা সীমা প্রহরী। শুধু এভারেস্টের শিখর স্পর্শ করাই নয়, এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে একসঙ্গে ‘বন্দে মাতরম’ গায়লেন তাঁরা। বিএসএফ সূত্র থেকে জানা গিয়েছে, দীর্ঘদিনের কঠোর প্রশিক্ষণ,মানসিক দৃঢ়তা এবং অসীম সাহসের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। দেশের নারীদের জন্য এই অর্জন এক অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে বলেও মনে করছে সংশ্লিষ্ট মহল।