


নিজস্ব প্রতিনিধি, বরানগর: দীর্ঘদিন ধরে বাড়িতে জুয়ার ঠেক চালানো হচ্ছিল বলে অভিযোগ। বিজেপি কর্মীরা প্রতিবাদ জানাতেই দু’পক্ষের বচসা শুরু হয়। পরে বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। রবিবার রাতে নিমতা থানার পাটনা বিবেকানন্দ পল্লির এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সোমবার থানায় অভিযোগ দায়ের হয়। রাতে পুলিশ মূল অভিযুক্ত সৈকত চন্দ্র ওরফে টিঙ্কু সহ দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদের হেপাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
পাটনা বিবেকানন্দ পল্লি এলাকার বেশ কিছু জায়গায় জুয়া ও সাট্টার ঠেক চলত। সরকার পরিবর্তনের পর সাট্টার ঠেক আপাতত বন্ধ থাকলেও জুয়ার ঠেক চলছে বলে অভিযোগ। রবিবার রাতে বিজেপির শক্তি কেন্দ্রের সভাপতি সহ বিজেপি কর্মীরা বিবেকানন্দ পল্লির সৈকত চন্দ্রের বাড়িতে যান। সেখানে জুয়ার ঠেক চলছিল বলে অভিযোগ। তাঁরা জুয়ার ঠেকের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর বিজেপি কর্মীদের খুনের হুমকি দেওয়া হয়। তাতে ঝামেলা আরও বাড়ে। অভিযুক্তরা কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এলাকায় চাঞ্চল্য ছড়ায়। উত্তর দমদম পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখ রঞ্জিত দোলই বলেন, এলাকায় চার পাঁচটি জুয়ার ঠেক রয়েছে। এলাকা দুর্নীতির আঁতুড়ঘর হয়ে রয়েছে। আমরা রবিবার রাতে একটি জুয়ার ঠেক বন্ধ করতে গিয়েছিলাম। কিন্তু খুনের হুমকি দেওয়ার পাশাপাশি আমাদের লক্ষ্য করে গুলিও চালানো হয়। কোনোমতে রক্ষা পেয়েছি। আমরা চাই, এলাকার সমস্ত অন্যায় বন্ধ হোক। অন্যদিকে, সোমবার রাতে খড়দহ থানার পুলিশ একাধিক জুয়ার ঠেকে হানা দিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে। প্রতিটি জায়গায় নানা নেশার সামগ্রী, নগদ ২৮ হাজার ৩৫০ টাকা পুলিশ উদ্ধার করেছে। কমিশনারেটের এক আধিকারিক বলেন, এলাকায় জুয়া-সাট্টার ঠেক চলতে দেওয়া হবে না। প্রতিটি থানা এলাকায় কড়া পদক্ষেপ নেওয়া হবে।