Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাটপাড়ায় ফের শাসানি দুষ্কৃতীদের

সোমবার বাড়ি ভাঙচুর, গুলি চালানোর অভিযোগ উঠেছিল। মঙ্গলবার ফের ভাটপাড়ায় আক্রান্ত বিজেপিকর্মী অমিত সাউয়ের পরিবারের সদস্যরা

ভাটপাড়ায় ফের শাসানি দুষ্কৃতীদের
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সোমবার বাড়ি ভাঙচুর, গুলি চালানোর অভিযোগ উঠেছিল। মঙ্গলবার ফের ভাটপাড়ায় আক্রান্ত বিজেপিকর্মী অমিত সাউয়ের পরিবারের সদস্যরা। তাঁর অভিযোগ, এদিন সকালে বাড়িতে আচমকা হানা দিয়ে হুমকি দিয়ে যায় একদল দুষ্কৃতী। অমিত সাউয়ের অভিযোগ, দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত। এলাকাবাসীদের দাবি, দুষ্কৃতীরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা।

Advertisement

উল্লেখ্য, রবিবার বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নিয়েছিলেন দলের সক্রিয় কর্মী অমিত সাউ। এরপরই তাঁর বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। বাড়ি ভাঙচুরের পাশাপাশি দুষ্কৃতীরা গুলিও চালিয়েছে বলে অভিযোগ করেন অমিত সাউ ও তাঁর দাদা রাজু সাউয়ের পরিবার। এরপরই ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগ পেয়ে পুলিশ এলাকায় তল্লাশিও চালিয়েছে বলে খবর। কিন্তু তারপরেও দুষ্কৃতীরা এদিন অমিত সাউয়ের বাড়িতে গিয়ে তাঁকে এবং তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ।
অপরদিকে, অমিতের স্ত্রী সঙ্গীতা সাউয়ের দাবি, কয়েকজন এসে গালিগালাজ করে আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। বারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের দাবি, সোমবার গুলি চালিয়ে প্রাণনাশের চেষ্টা করল, পরদিন আবার এসে শাসিয়ে গেল। পুলিশ-প্রশাসনের মদতেই এলাকার দুষ্কৃতীদের এই বাড়বাড়ন্ত। অন্যদিকে, ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের দাবি, এটা মোটেই তৃণমূল-বিজেপির ঝামেলা নয়। নিজস্ব দেনা-পাওনার ঝামেলা। যাঁরা অভিযোগ করছেন তাঁরাই আসলে দুষ্কৃতী বলে তোপ দাগেন ওই তৃণমূল নেতা।

Advertisement
সম্পর্কিত সংবাদ