নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অধ্যাপকদের হাজিরা নিয়ে এবার কড়া বার্তা দিলেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। মঙ্গলবার নিউটাউন কনভেনশন সেন্টারে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালায় তিনি বলেন, সপ্তাহে দু’তিন দিন বিশ্ববিদ্যালয়ে এসে দায়িত্ব পালন করলে তা বরদাস্ত করা হবে না। করোনার পর থেকেই কলেজ-বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকদের হাজিরা অনেক কমেছে এবং তার হিসাব যে উচ্চশিক্ষা দপ্তরের কাছে রয়েছে, তা মনে করিয়ে দেন মন্ত্রী। উপাচার্যদের বার্তা দেন, অধ্যাপকদের নিয়মিত করতে তাঁরাই যেন ব্যবস্থা নেন। নাহলে উচ্চশিক্ষা দপ্তরকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে। কোনো অধ্যাপক মঞ্চ বা সংগঠন যদি এই কাজে বাধা দেয়, তাহলে অভিযোগ জানানোরও বার্তা দিয়েছেন। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ক্যাম্পাসে ট্রেড ইউনিয়ন করা যাবে না। প্রয়োজনে পদক্ষেপ করবে দপ্তর। তাঁর বক্তব্য, শিক্ষকরা নিয়মিত হলেই ছাত্রছাত্রীদের হাজিরা বাড়বে। উচ্চশিক্ষা বিষয়ক দু’দিনের কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যপাল আর এন রবি, উচ্চশিক্ষা প্রতিমন্ত্রী হরেকৃষ্ণ বেরা, শিক্ষাসচিব বিনোদ কুমার এবং অন্যান্য আধিকারিকরা। কলেজ-বিশ্ববিদ্যালয়ে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার বিষয়েও আলোচনা হয়। কর্মশালাতেও গুরুত্ব দেওয়া হয়েছে সেই বিষয়টিকে।



