Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

শপথ নিয়েই সল্টলেকের রাস্তা সংস্কারে উদ্যোগ মন্ত্রী শারদ্বতের

বিধায়ক হওয়ার পর সল্টলেকের রাস্তা সংস্কার নিয়ে তৎপর ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। এর আগে তিনি মেয়রের সঙ্গে বৈঠকও করেছেন।

শপথ নিয়েই সল্টলেকের রাস্তা সংস্কারে উদ্যোগ মন্ত্রী শারদ্বতের
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিধায়ক হওয়ার পর সল্টলেকের রাস্তা সংস্কার নিয়ে তৎপর ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। এর আগে তিনি মেয়রের সঙ্গে বৈঠকও করেছেন। সোমবার মন্ত্রীর শপথ নেওয়ার পর ফের রাস্তা নিয়ে উদ্যোগ নিয়েছেন তিনি। মঙ্গলবার তিনি বিধাননগর পুরসভার কমিশনারের সঙ্গে বৈঠক করেন। রাস্তার হাল-হকিকত নিয়ে আলোচনা করেন। বেহাল রাস্তাগুলি যাতে দ্রুত সংস্কার করা হয় সে বিষয়ে নির্দেশ দেন। পুর কর্তৃপক্ষ সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করেছে।

Advertisement

সল্টলেকে রাস্তার অবস্থা খুবই করুণ। তৃণমূল সরকারের সময় বারবার এ নিয়ে দাবি উঠলেও রাস্তার হাল ফেরেনি। পালাবদলের পর সল্টলেকের বাসিন্দারা প্রথমেই রাস্তা সংস্কারের দাবি তুলেছিলেন। গত ১৮ মে সল্টলেকে পুরভবনে মেয়র, কাউন্সিলার এবং আধিকারিকদের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেছিলেন বিধাননগর এবং রাজারহাট-নিউটাউনের দুই বিধায়ক ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় এবং পীযূষ কানোরিয়া। সল্টলেক সহ বিধাননগরের বেহাল রাস্তাগুলির দ্রুত সংস্কারের দাবি তুলেছিলেন দুই বিধায়কই। সেই সঙ্গে বর্ষার আগে ড্রেনেজের কাজেরও দাবি তুলেছিলেন। জানা গিয়েছে, রাস্তার তালিকা নিয়েছেন মন্ত্রী। কোন রাস্তা বেশি খারাপ, কোন রাস্তা কম খারাপ, তার সমীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোন কোন রাস্তাগুলি এক্ষুণি সংস্কার করার দরকার, কোনগুলি অল্প দেরি হলেও চলবে, তারও তথ্য‌ সংগ্রহ করা হয়েছে। যেগুলি পূর্ণ সংস্কার করতে হবে সেগুলির ওয়ার্ক অর্ডার করতে বলা হয়েছে। সেই সঙ্গে এক্ষুণি যে রাস্তার কাজগুলি করতে হবে তার টেন্ডার প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। মন্ত্রী জানান, আগামী ৫-৬ দিনের মধ্যেই প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে যাবে। তারপর ধীরে ধীরে সব কাজই হবে যাতে বর্ষার আগে রাস্তার হাল ফেরানো যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ