ব্রতীন দাস, শিলিগুড়ি: এবার শিলিগুড়িতে থানার সামনে বসে সাধারণ মানুষের অভিযোগ শুনবেন রাজ্যের পরিষদীয় ও পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরও এতদিন যেসব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়নি কিংবা পদক্ষেপ নিতে গড়িমসি করা হয়েছে, শিলিগুড়ি, প্রধাননগর ও ভক্তিনগর থানার সামনে বসে মানুষের কাছ থেকে সেসবই এবার শুনবেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী। এরপর পুলিশের সঙ্গে কথা বলে থানায় পেন্ডিং অভিযোগ খতিয়ে দেখে দ্রুত যাতে পদক্ষেপ নেওয়া হয় তা দেখবেন বলে জানান তিনি। বলেন, ‘সরাসরি শংকর’ কর্মসূচি আমি যেকোনো জায়গায় করতে পারি। এবার থানার বাইরে ওই কর্মসূচি করব। সেখানে শুধুমাত্র সাধারণ মানুষের থানায় জানানো অভিযোগ শুনব।
মন্ত্রী বলেন, এমন অনেক অভিযোগ পাচ্ছি, সাধারণ মানুষ নানা বিষয়ে দীর্ঘদিন ধরে থানায় অভিযোগ জানিয়েছেন, কিন্তু সেসবের পরিপ্রেক্ষিতে এতদিনে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমন পেন্ডিং অভিযোগ খতিয়ে দেখে পুলিশ যাতে এবার আইন মোতাবেক পদক্ষেপ করে তা বলা হবে।
রবিবার মার্গারেট স্কুলে বৃষ্টি উপেক্ষা করে সরাসরি শংকর কর্মসূচিতে অভিযোগ জানাতে উপচে পড়ে ভিড়। শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহারের মাথাভাঙা, ইসলামপুর থেকেও অনেকে মন্ত্রীর কাছে সমস্যা সমাধানের প্রত্যাশা নিয়ে আসেন। কাশ্মীরে কর্মরত সিআরপিএফ জওয়ান টুটুল মজুমদার শংকরের দ্বারস্থ হন। অভিযোগ, ফাঁসিদেওয়া থানার জালাস-নিজামতারায় তাঁদের পারিবারিক জমি রয়েছে। তৃণমূলের বাহিনী জোর করে সেই জমির দখল নিয়েছে। পুলিশ প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি। আবার রামচন্দ্র আগরওয়াল নামে ১০ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি মন্ত্রীর কাছে অভিযোগ করেন, পানিট্যাঙ্কি মোড়ে বেআইনি নির্মাণের বিরুদ্ধে শিলিগুড়ি পুরসভাকে বারবার বলেও কাজ না হওয়ায় তাঁরা এলাকার কয়েকজন মিলে আদালতের দ্বারস্থ হন। আদালত বিষয়টি খতিয়ে দেখে পুরসভাকে ব্যবস্থা নিতে বলে। তারপরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
শিলিগুড়িতে বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এ ব্যাপারে নিরন্তর অভিযোগ আসছে। শিলিগুড়ি পুর কমিশনার বিষয়টি খতিয়ে দেখছেন। পরিদর্শন চলছে। অডিট হবে। যাঁরা অন্যায় করেছেন, যাঁরা অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, সবার শাস্তি হবে। রাস্তাঘাটের বেহাল দশা, একাধিকবার ফিতে কেটে শিলান্যাসের পরও রাস্তার কাজ না হওয়া, নালা বুজিয়ে দোকান ও বাড়ি তৈরি নিয়েও এদিন বহু অভিযোগ জমা পড়ে। শংকর বলেন, শিলিগুড়ি শহরে ওয়ার্ড ভিত্তিক ডিটেইল প্রজেক্ট রিপোর্ট তৈরি করা হচ্ছে। পুরসভার প্রশাসক ও কমিশনার একাজ শুরু করেছেন। অগ্রাধিকারের ভিত্তিতে কাজ হবে। তবে বর্ষার মধ্যে রাস্তাঘাটের কাজ করে লাভ হবে না বলে আমার মনে হয়। বর্ষা মিটলেই কাজ হবে। এখন জল জমার সমস্যা সমাধানে কোথাও দখল থাকলে তা হটিয়ে দেওয়া হবে। জমি মাফিয়াদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এদিন শিলিগুড়িতে হার্ডওয়্যার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ৫৭ তম বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে মন্ত্রী শংকর ঘোষ বলেন, আইন মেনে চলুন। না হলে সরকার ব্যবস্থা নেবে। সমস্ত বিল্ডিং প্ল্যানের অডিট হবে। • মার্গারেট স্কুলে ‘সরাসরি শংকর’ কর্মসূচিতে মন্ত্রী। - নিজস্ব চিত্র।