


মুম্বই: আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে মোদি সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এই আবহে মার্কিন বানিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক ও ভারতে নিযুক্ত রাষ্ট্রদূক সার্জিও গোরের সঙ্গে আলোচনায় বসলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। দুপক্ষের মধ্যে আলোচনা ‘খুবই ফলপ্রসূ’ হয়েছে বলে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন গোয়েল। বৈঠকে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যের সম্প্রসারণ ও আর্থিক সম্পর্ক মজবুত করার বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের উপর ধার্য ৫০ শতাংশ শুল্ক এক ধাক্কায় ১৮ শতাংশ করার কথাও ঘোষণা করেন তিনি। এরইমধ্যে মার্কিন সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছেন ট্রাম্প। আদালত ট্রাম্পের ‘গ্লোবাল ট্যারিফ’ নীতিকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দেয়। তাঁকে এই নিয়ে মার্কিন কংগ্রেসের অনুমোদন নিতে হবে। এই প্রেক্ষাপটে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির রূপরেখা নিয়ে আলোচনা স্থগিত হয়ে যায়।
এরইমধ্যে মঙ্গলবার গোয়েল আশ্বস্ত করে জানিয়েছিলেন, শুল্ক নিয়ে আরও স্বচ্ছ কোনো ধারণা পেলেই আমেরিকার সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করবে ভারত। আর বৃহস্পতিবার গোয়েল মার্কিন বাণিজ্যসচিব এবং রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ উভয় দেশই দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির প্রথম পর্যায়ের আইনি কাঠামো চূড়ান্ত করে ফেলতে সক্রিয় হয়েছে।’ তবে এদিনও বাণিজ্যচুক্তিতে ভারতীয় কৃষকদের স্বার্থহানি নিয়ে ফের সুর চড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এ প্রসঙ্গে এপস্টাইন ফাইলের প্রসঙ্গও এনেছেন তিনি। কেরলের এক জনসভায় তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এপস্টাইন ফাইলের ভয় দেখিয়ে এই চুক্তি করেছেন ট্রাম্প।