নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘বিকশিত ভারত –গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) প্রকল্প’। সংক্ষেপে ভিবি-জি রাম জি। মনরেগা শেষ হয়ে শুরু হচ্ছে নতুন এই প্রকল্প। ১০০ দিনের কাজের পরিবর্তে ১২৫ দিনের প্রকল্প। আইন অনুযায়ী এবং মোদি সরকারের বিজ্ঞপ্তি মোতাবেক, এই প্রকল্প কার্যকর হওয়ার কথা ছিল ১ জুলাই থেকে। কিন্তু আদতে আজ, বৃহস্পতিবার তার আনুষ্ঠানিক সূচনা হবে। সেই উপলক্ষ্যে তিরুপতিতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
এর পাশাপাশি শ্রমিকদের খুশি করতে দৈনিক মজুরিও বাড়িয়ে দিল কেন্দ্র। আগে সর্বনিম্ন মজুরি ছিল ২৪১ টাকা। ন্যূনতম মজুরির জাতীয় গড় ছিল ২৯৮.৮০ টাকা। এখন তা বেড়ে হল ৩২৭.৪০ টাকা। তবে এক একটি রাজ্যে একেক রকম মজুরি হলেও কোনো রাজ্যই তা ৩০০ টাকার কম করতে পারবে না বলেই জানিয়ে দিয়েছে কেন্দ্র। যদিও বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে এই মজুরি কমপক্ষে ৫০০ টাকা হওয়া উচিত বলেই দাবি করেছে কংগ্রেস। একইসঙ্গে দলের লোকসভার সাংসদ তথা গ্রামোন্নয়ন সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান সপ্তগিরি উলাকা এদিন বলেন, ‘মনরেগা শেষ করে নতুন প্রকল্পে সরকার ১২৫ দিনের কাজের প্রচার করলেও বাস্তবে তা হবে না। কারণ, মনরেগাতেই শ্রমিকরা গড়ে কাজ পেয়েছেন ৪৪ দিন। ফলে ভিবি-জি রাম জি’তে কী করে ১২৫ দিন হবে? তারই মধ্যে নতুন প্রকল্পে বছরে কৃষি মরসুমে ৬০ দিন কাজ বন্ধ। ফলে ১২৫ দিনের কাজ স্রেফ গালগল্প। মোদি সরকারের নতুন জুমলা।’ কংগ্রেসের সওয়াল, ‘মনরেগা ছিল চাহিদার ভিত্তিতে কাজ। নতুনটি একটি প্রকল্প। তার জন্য কেন্দ্র-রাজ্য সরকার ৬০:৪০ হিসেবে একটি নির্দিষ্ট বাজেট বরাদ্দ করবে। ফলে লোকে বাড়তি কাজ চাইলে কী করে মিলবে?’
যদিও বিরোধীদের সমালোচনা গায়ে মাখছে না মন্ত্রক। জানিয়েছে, মজুরি বেড়ে যাওয়ায় শ্রমিকদের আর্থিক সুরক্ষাও বাড়বে। মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ‘এ একটি অভূতপূর্ব প্রকল্প। উন্নত ভারত গঠনের লক্ষ্যে একটি ঐতিহাসিক পদক্ষেপ। এতে মানুষের আয়, ক্রয়ক্ষমতা এবং সামগ্রিক উন্নয়ন আরও শক্তিশালী হবে।’ মন্ত্রক জানিয়েছে, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, অসম, অরুণাচল প্রদেশ এবং হিমাচল প্রদেশে মজুরি ১৫-২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। যেসব রাজ্যে আগেই তুলনামূলক বেশি মজুরি ছিল, সেখানেও নতুন সংশোধিত হার কার্যকর হচ্ছে। হরিয়ানায় দৈনিক মজুরি ৪০৯ টাকা, গোয়ায় ৪০৬ টাকা, কেরলে ৪০১ টাকা এবং সিকিমের উচ্চ পার্বত্য গ্রাম পঞ্চায়েত এলাকায় ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে দৈনিক মজুরি।