Bartaman Logo
১০ জুন, ২০২৬

দেশে লক্ষাধিক স্কুলে বিদ্যুৎ, ছাত্রীদের শৌচালয় নেই!

একাধিক রাজ্যে প্রাথমিকের পর স্কুলছুটের হার এখনও ক্রমবর্ধমান। এনিয়ে বিতর্কের অন্ত নেই

দেশে লক্ষাধিক স্কুলে বিদ্যুৎ, ছাত্রীদের শৌচালয় নেই!
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: একাধিক রাজ্যে প্রাথমিকের পর স্কুলছুটের হার এখনও ক্রমবর্ধমান। এনিয়ে বিতর্কের অন্ত নেই। এরইমাঝে নীতি আয়োগের এক রিপোর্টে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে দেশে এক লক্ষের বেশি সরকারি স্কুলে নেই বিদ্যুৎ। প্রায় ৯৮ হাজার ৫৯২ স্কুলে মেয়েদের কোনো শৌচালয়ই নেই। হাজার হাজার স্কুলে নেই জলের পরিষেবা, ল্যাব, পর্যাপ্ত শিক্ষক। এমনকী স্কুল আছে, কিন্তু সেখানে আসে না পড়ুয়ারা। শিক্ষকদের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট রিপোর্টে। প্রতিদিন তাঁরা যে বিষয়ে পড়ান, সেই বিষয়েই তাঁদের দক্ষতার অভাব রয়েছে। সরকারি স্কুলে কর্মরত শিক্ষকদের মাত্র ১০-১৫ শতাংশ নিজেদের বিষয়ে ৬০ শতাংশ নম্বর পাওয়ার যোগ্য।

Advertisement

স্কুলের পরিকাঠামো, শিক্ষক, শিক্ষাকর্মী, প্রাথমিক পরিষেবা সহ একাধিক বিষয়ে জাতীয় ও রাজ্যস্তরের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার একটি রিপোর্ট প্রকাশ করেছে নীতি আয়োগ। নাম —‘স্কুল এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া’। সেখানেই বলা হয়েছে, দেশের ৯৮ হাজার ৫৯২টি স্কুলে মেয়েদের জন্য শৌচালয় নেই। ৬১ হাজার ৫৪০ স্কুলে শৌচালয় থাকলেও তা ব্যবহারের অযোগ্য। একইভাবে প্রায় ১৪ হাজার ৫০৫ স্কুলে জলসংযোগ নেই। হাত ধোয়ার ব্যবস্থা নেই ৫৯ হাজার ৮২৯টি স্কুলে। এখানেই শেষ নয়। মাত্র ৫১.৭ শতাংশ মাধ্যমিকস্তরের সরকারি স্কুলে সায়েন্স ল্যাবরেটরি রয়েছে। গত এক দশকে স্কুলে বিদ্যুৎ পরিষেবা প্রদানে বেশ উন্নতি ঘটেছে। ৯১.৯ শতাংশ স্কুলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আগে যা ছিল ৫৫ শতাংশ। কিন্তু এখনও ১ লক্ষ ১৯ হাজার স্কুলে বিদ্যুৎ নেই। শিক্ষক ঘাটতির বিষয়টিও উল্লেখযোগ্য। দেশে ১ লক্ষ ৪ হাজার ১২৫ স্কুলে মাত্র একজন করে শিক্ষক রয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ