Bartaman Logo
৩০ মে, ২০২৬

মণিপুরে পণ্যবাহী ট্রাকে হামলা জঙ্গিদের, নিহত বাঙালি ট্রাকচালক

মণিপুরে ফের হিংসার শিকার এক সাধারণ নাগরিক। শুক্রবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে উখরুল জেলায়। জানা গিয়েছে, জাতীয় সড়ক ধরে প্রায় ১৫-২০টি গাড়ি নিরাপত্তা বাহিনীর এসকর্টে যাচ্ছিল।

মণিপুরে পণ্যবাহী ট্রাকে হামলা জঙ্গিদের, নিহত বাঙালি ট্রাকচালক
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: মণিপুরে ফের হিংসার শিকার এক সাধারণ নাগরিক। শুক্রবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে উখরুল জেলায়। জানা গিয়েছে, জাতীয় সড়ক ধরে প্রায় ১৫-২০টি গাড়ি নিরাপত্তা বাহিনীর এসকর্টে যাচ্ছিল। সেই সময় একটি পণ্যবাহী ট্রাকে অতর্কিতে হামলা চালায় সন্দেহভাজন কুকি জঙ্গিরা। ওই হামলায় ঘটনাস্থলেই নিহত হন পশ্চিমবঙ্গের এক ট্রাকচালক। মৃতের নাম নীতীশ দাস (৬৫)। বাড়ি হুগলি জেলায়। হামলায় আহত হয়েছেন নাগা সম্প্রদায়ের এক পুলিশ কনস্টেবল। 

Advertisement

ইম্ফল থেকে উখরুল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার জন্য চাল নিয়ে যাচ্ছিল ট্রাকগুলি। সেগুলিকে এসকর্ট করে নিয়ে যাচ্ছিল বিএসএফ, সিআরপি এবং রাজ্য পুলিশের যৌথ বাহিনী। ইম্ফল-উখরুল জাতীয় সড়কে ট্রাক চলাচল আটকাতে স্থানীয় বিক্ষোভকারীরা শাংখাই এলাকায় রাস্তা অবরোধ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ট্রাকগুলির নিরাপত্তায় থাকা বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। দীর্ঘক্ষণ আটকে থাকার পর রাস্তা ফাঁকা হলে ট্রাকগুলি উখরুলের উদ্দেশে রওনা হয়। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, পাহাড়ি পথে প্রায় ৬ কিমি এগোনোর পরেই ট্রাকগুলি হামলার মুখে পড়ে। 
মাত্র দু’দিন আগেই, গত বুধবার ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় সড়কগুলিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পণ্যবাহী যান চলাচল নিয়ে আলোচনা করেছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং। তিনি বলেছিলেন, ‘নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে এবং জাতীয় সড়কগুলিকে সব ধরনের বাধামুক্ত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’ সরকারের প্রতিশ্রুতির দু’দিন পরেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মণিপুরজুড়ে। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। যদিও এখনও কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। স্থানীয়দের মতে, এর পিছনে কুকি জঙ্গিদের হাত রয়েছে।

সম্পর্কিত সংবাদ