Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাঝরাতে আগুন, নিউটাউনে ভস্মীভূত বহু দোকান, আতঙ্ক

ফের আগুন নিউটাউনে। বৃহস্পতিবার মাঝরাতে গৌরাঙ্গনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল একাধিক অস্থায়ী দোকান। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

মাঝরাতে আগুন, নিউটাউনে ভস্মীভূত বহু দোকান, আতঙ্ক
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের আগুন নিউটাউনে। বৃহস্পতিবার মাঝরাতে গৌরাঙ্গনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল একাধিক অস্থায়ী দোকান। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। ঘন জনবসতি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে ছিলেন এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, যাত্রাগাছি খালপাড় সংলগ্ন গৌরাঙ্গনগর ঢালাই ব্রিজের পার্শ্ববর্তী এলাকায় বাঁশের কাঠামো ও টিনের ছাউনি দেওয়া দোকানগুলি ছিল। সবজি, মিষ্টি, মুদি সহ প্রায় ১৫টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ডিসেম্বরেই নিউটাউনের ঘুনির একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় অস্থায়ী প্রায় ৭০–৮০টি ঝুপড়ি ভস্মীভূত হয়েছিল। ফের এই অগ্নিকাণ্ড।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন রাত ১টা ১৫ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। চিৎকার শুনে এলাকার বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন। তাঁরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু, সম্ভব হয়নি। আগুন ক্রমশ বাড়তে থাকে। অস্থায়ী দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তাতে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। আগুন ছড়িয়েও পড়ে। এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। যাঁদের দোকান নষ্ট হয়েছে, তাঁদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন এবং নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। বিধায়ক জানান, ‘আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছি।’তবে, কীভাবে এই আগুন লাগার ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান। তবে, অন্য কোনোভাবে আগুন লেগেছে কি না, তা খতিয়ে দেখছে দমকল বিভাগ। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা নমুনার ফরেন্সিক পরীক্ষাও করা হবে। তারপরই আসল রিপোর্ট জানা যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ