সংবাদদাতা, রঘুনাথপুর: পরিচালন সমিতির সভাপতি এবং প্রধান শিক্ষকের দ্বন্দ্বে নিতুড়িয়ার জনার্দণ্ডি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দু’মাস মিড ডে মিল বন্ধ ছিল। অবশেষে শুক্রবার ত্রিপাক্ষিক বৈঠকে সমস্যার সমাধান হয়েছে। এদিন জেলা প্রশাসনের আধিকারিকরা বিদ্যালয় কর্তৃপক্ষ এবং পরিচালন সমিতির সভাপতি ও সদস্যদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে ব্লকের জয়েন্ট বিডিও সুব্রত বিশ্বাস, অবর বিদ্যালয় পরিদর্শক সাহেব জানা, পরিচালন সমিতির সভাপতি রাজেশ বাউরি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলকুমার মণ্ডল ও জেলা শিক্ষাদপ্তরের তিন আধিকারিক উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী সোমবার থেকে আগের মতোই মিড ডে মিল পরিষেবা চালু হবে। জেলা বিদ্যালয় পরিদর্শক(উচ্চ মাধ্যমিক) মহুয়া বসাক বলেন, আগামী সোমবার থেকে মিড ডে মিল আবার চালু হবে। আগামী ৯ এপ্রিল পরিচালন সমিতি এবং বিদ্যালয় কর্তৃপক্ষ একটি বৈঠক করবেন। সেখানে পরিচালন সমিতির সভাপতিকে বিদ্যালয় কর্তৃপক্ষ সমস্ত হিসেব বুঝিয়ে দেবে।



