কুয়ালালামপুর, ২ ফেব্রুয়ারি: মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল নিকি ব্রিগেড। এই নিয়ে পরপর দু’বার। গোটা টুর্নামেন্ট জুড়েই অপ্রতিরোধ্য ছিল টিম ইন্ডিয়া। আজ, রবিবার কুয়ালালামপুরে বিশ্বকাপের ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। সেই সিদ্ধান্ত প্রথমেই ভুল বলে প্রমাণিত হয়। তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে তাঁদের ব্যাটিং লাইনআপ। দলের ১১ রানের মাথায় প্রথম উইকেট খোয়ায় দক্ষিণ আফ্রিকা। এরপর ক্রিজে কেউই বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। অধিনায়ক কায়লা মাত্র ৭ করে প্যাভিলিয়নে ফিরে যান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মাইকে (২৩)। লড়াইয়ে তাঁকে কিছুটা সঙ্গত দেন জেমা (১৬) এবং কাউলিং (১৫)। প্রোটিয়া মহিলা দলের ৭ জন প্লেয়ার দুই অঙ্কের রানও করতে পারেননি! তাঁদের মধ্যে চারজন আবার শূণ্য রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। গোট দল মাত্র ৮২ রানে অলআউট হয়ে যায়। টিম ইন্ডিয়ার হয়ে ৩টি উইকেট নেন তৃষা। অন্যদিকে, ২ করে উইকেট নেন পারুনিকা সিশোদিয়া, আয়ুষী শুক্লা এবং বৈষ্ণবী শর্মারা। একটি উইকেট নেন শবনম। মাত্র ৮২ রানের টার্গেট তুলতে নিকির দলকে কোনও বেগই পেতে হয়নি। ওপেনার কমলিনী ৮ রান করে আউট হন। তবে তৃষা (৪৪) এবং সানিকা চালকের (২৬) ঝোড়ো ইনিংসের সুবাদে ম্যাচ মাত্র ১১.২ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। ম্যাচ এবং সিরিজের সেরার তকমা পান টিম ইন্ডিয়ার তৃষা।



