Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দু’দফায় চিংড়িঘাটায় মেট্রোর কাজ, শুরু ১৫ মে

আগামী ১৫ মে, শুক্রবার রাত থেকে শুরু হচ্ছে চিংড়িঘাটায় নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের থমকে থাকা কাজ।

দু’দফায় চিংড়িঘাটায় মেট্রোর কাজ, শুরু ১৫ মে
  • ১৩ মে, ২০২৬ ০৯:১৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ টানাপোড়েনের অবসান। আগামী ১৫ মে, শুক্রবার রাত থেকে শুরু হচ্ছে চিংড়িঘাটায় নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের থমকে থাকা কাজ। ইতিমধ্যে এনিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে লালবাজার। প্রসঙ্গত, কলকাতা পুলিশের অনুমতি না মেলায় প্রায় ১৫ মাস আটকে ছিল চিংড়িঘাটায় মেট্রো লাইনের মাত্র ৩৬৬ মিটার অংশের সংযুক্তিকরণ। যেহেতু এলাকাটি ব্যস্ত বাইপাসের উপর, সেই কারণে এখানে কাজের জন্য পুলিশের অনুমতি বাধ্যতামূলক। 

Advertisement

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’দফায় সম্পন্ন হবে এই কাজ। আগামী শুক্রবার রাত ১০টা থেকে কাজ শুরু হবে। সোমবার অর্থাৎ ১৮ মে সকাল ৮টা পর্যন্ত টানা কাজ চলবে। আগে ঠিক হয়েছিল, প্রতি সপ্তাহান্তে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কাজ চলবে। কিন্তু বাইপাসের মতো ব্যস্ত সড়কে পথচারী ও যানবাহনের সুরক্ষার কথা মাথায় রেখে আগের সিদ্ধান্ত বদল করা হয়। বাকি কাজ হবে আরও এক দফায়। ২২ মে রাত ১০টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত চলবে দ্বিতীয় পর্ব। দুই দফায় এই কাজ চলাকালীন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চিংড়িঘাটা ফ্লাইওভার খোলা থাকবে। সেক্ষেত্রে নিউটাউনগামী যানবাহনকে ওই ফ্লাইওভার দিয়ে চালানো হবে। এই অংশে মেট্রোর কাজের জন্য সংলগ্ন ভেড়ির উপর দিয়ে একটি সার্ভিস রোড নির্মাণ করেছে মেট্রো কর্তৃপক্ষ। নবনির্মিত ওই সার্ভিস রোড দিয়ে যানবাহন ঘুরিয়ে দেবে পুলিশ।
চিংড়িঘাটায় ৩৬৬ মিটার ‘ভায়াডাক্ট’ জোড়ার কাজ শেষ হলে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচলে আর কোনো বাধা থাকবে না। সল্টলেকের স্টেশনগুলির কাজ আগেই শেষ হয়েছে। সেক্ষেত্রে ১৫ আগস্ট থেকে পুজোর মধ্যে যেকোনো দিন এই গোটা রুটে মিলবে মেট্রো পরিষেবা। বর্তমানে নিউ গাড়িয়া থেকে মেট্রোপলিটান বা বেলেঘাটা স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করে। 
এদিকে, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ অফিস ছুটির ব্যস্ত সময়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে যান্ত্রিক ক্রটি দেখা দেয়। বেঙ্গল কেমিক্যাল স্টেশনে থমকে যায় হাওড়ামুখী একটি যাত্রীবোঝাই রেক। তীব্র দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রীরা। মেট্রো সূত্রে খবর, সিবিটিসি প্রযুক্তি বিগড়ে যেতেই এই অচলাবস্থা তৈরি হয়। প্রায় ৩০ মিনিট রেক আটকে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সন্ধ্যা ৭টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। মধ্যবর্তী সময়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড  এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মেট্রো চলাচল করে। ফলে যাত্রীদের বাড়তি চাপ এসে পড়ে বাইপাসেও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ