


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর মেট্রো পথে যাত্রী হয়রানি কমতে চলেছে। এখন থেকে ডাউনে অর্থাৎ শহিদ ক্ষুদিরামগামী রেক আর টালিগঞ্জে (মহানায়ক উত্তমকুমার) খালি করা হবে না। যাত্রী বোঝাই রেক সরাসরি দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ছুটবে। মাঝপথে টালিগঞ্জে গতি হারাবে না। যার জেরে যাত্রী দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশাবাদী রেল কর্তারা। উল্লেখ্য, ২৮ জুলাই কবি সুভাষ মেট্রো স্টেশনে নির্মাণ বিপর্যয় ঘটে। ভঙ্গুর পিলারের জেরে গোটা প্ল্যাটফর্ম বসে যায়। যাত্রী নিরাপত্তায় দেশের সবচেয়ে পুরনো মেট্রো রুটের দক্ষিণ অংশের প্রান্তিক স্টেশন বন্ধ করে দিতে বাধ্য হয় মেট্রো রেল কর্তৃপক্ষ। তারপর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে যাত্রী পরিষেবা চলছে। কিন্তু এই স্টেশনে মেট্রো রেক আপ কিংবা ডাউন লাইনে তোলা-নামানোর পরিকাঠামো নেই। তাই বাধ্য হয়ে দিনে প্রায় ৩৩টি শহিদ ক্ষুদিরামগামী রেক (পরিষেবা) থেকে টালিগঞ্জে যাত্রী নামিয়ে খালি করানো হত। পরবর্তীতে তা আপ লাইনে তুলে টালিগঞ্জ থেকে ফের যাত্রী নিয়ে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা করানো হত।
এই ঘটনার জেরে দক্ষিণমুখী টালিগঞ্জের পরবর্তী স্টেশনগুলিতে যাত্রীদের মেট্রোর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হত। পাশাপাশি বহু যাত্রী টালিগঞ্জে রেক খালি করতে চাইতেন না। ফলে সার্বিক মেট্রো পরিচালন ব্যবস্থাপনা প্রভাবিত হত। সূত্রের দাবি, শহিদ ক্ষুদিরাম স্টেশনে সম্প্রতি বিশেষ প্রযুক্তিগত কর্মকাণ্ড শেষ করেছে রেল কর্তৃপক্ষ। তার সৌজন্যে কোনও গাড়িকেই আর টালিগঞ্জে খালি করতে হবে না। শহিদ ক্ষুদিরাম পর্যন্ত টানা পরিষেবা দেওয়ার উপযুক্ত করার পরিকাঠামো তৈরি করে ফেলা হয়েছে।
উল্লেখ্য, এই মুহূর্তে সপ্তাহের কাজের দিনগুলিতে সারাদিনে ১৭২টি মেট্রো পরিষেবা চলে এই নর্থ-সাউথ করিডোরে। যার মধ্যে ১৩৬টি ডাউনে চলাচল করে। তার মধ্যে প্রায় ৩৩টি রেক (পরিষেবা) থেকে এভাবে টালিগঞ্জে যাত্রীদের নামিয়ে দেওয়া হত। নয়া ব্যবস্থাপনায় এবার থেকে সবক’টি অর্থাৎ ১৩৬টি রেকই দক্ষিণেশ্বর থেকে একলপ্তে শহিদ ক্ষুদিরাম পৌঁছাবে।
এদিকে, টালিগঞ্জের কার শেডকে নতুন করে সাজানো হচ্ছে। কবি সুভাষ প্রান্তিক স্টেশন হওয়ার পর থেকেই টালিগঞ্জের এই ‘মেট্রো গ্যারাজ’ গুরুত্ব হারায়। কবি সুভাষ স্টেশন পুরোপুরি ভেঙে নতুন করে গড়ে তোলা হবে। সেই সময় কবি সুভাষ থেকে মেট্রো রেক ঘোরানো যাবে না। তখন টালিগঞ্জেই রেকের যাবতীয় রক্ষণাবেক্ষণ ও বণ্টন চলবে। সেই লক্ষ্যে একগুচ্ছ অত্যাধুনিক প্রযুক্তিগত রূপটান পড়ছে টলিপাড়ার এই মেট্রো স্টেশন ও কার শেডে। এখন দেখার, নয়া এই পরিকল্পনা যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে কতটা সহায়ক হয়। এদিকে, বইপ্রেমী মেট্রো যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার প্রথম বই মেলায় টিকিট কাউন্টার চালু করেছে রেল। তা অবস্থিত ২ নম্বর গেটের কাছে।