নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্ট এবং রাজ্যের সমস্ত জেলা আদালতে প্রবেশে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা বাধ্যতামূলক হতে চলেছে। ওইসঙ্গে আদালত চত্বরে সিগারেট, পান, গুটখা প্রভৃতি খাওয়া বন্ধ করতেও উদ্যোগী হলেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। বিষয়টি কার্যকর করতে ইতিমধ্যেই জেলা আদালতগুলির বিচারকদের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। অন্যদিকে, প্রধান বিচারপতির এই পদক্ষেপে আইনজীবীরা আদালত চত্বরে পৃথক ‘স্মোকিং জোন’ রাখার প্রস্তাব দিয়েছেন। চিঠিতে প্রধান বিচারপতি বলেছেন, কোর্টে প্রবেশের সময় প্রত্যককে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হোক। প্রধান বিচারপতির প্রস্তাব, বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশন এই বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নিক। সেই সিদ্ধান্ত লিখিতভাবে পাওয়ার পরই সমস্ত আদালতে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা প্রধান বিচারপতি জারি করবেন।



