Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপ ফের মেসির? প্রস্তুত দুর্ভেদ্য স্পেন

রবিবার বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্তিনার মুখোমুখি স্পেন। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ও মেসির ফর্ম নিয়ে আলোচনা। বিস্তারিত পড়ুন।

বিশ্বকাপ ফের মেসির? প্রস্তুত দুর্ভেদ্য স্পেন
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সোমনাথ বসু: রবিবার রাত জাগতে হবে বাঙালিকে। কায়মনোবাক্যে প্রার্থনা, ফের যেন কাপ ওঠে আমাদের মেসির হাতে। গুগল বলছে, বাংলার থেকে আর্জেন্তিনার দূরত্ব ১৬৫৩৫ কিলোমিটার। কিন্তু মেসি-অনুরাগ যে এমনই। মুহূর্তে পেরিয়ে যেতে পারে ইউরোপ, আফ্রিকা। তাই রোজারিওর আন্দ্রেস কিংবা নিউ ইয়র্কের ডোনাল্ডের সঙ্গে একই বিন্দুতে দাঁড়িয়ে কসবার সৈকত কিংবা শিলিগুড়ির স্নেহা। বাঁ পায়ের জাদুকরের জন্যই এখন আর্জেন্তিনা ঠিক যেন পাশের বাড়ি। 

Advertisement

সাড়ে তিন বছর আগে দোহার লুসেইল স্টেডিয়ামে মোক্ষলাভ হয়েছিল মেসির। বাঁধভাঙা আনন্দই ছিল অনুরাগীদের সঙ্গী। কিন্তু প্রথম বিশ্বকাপ জয় তো পুরানো সেই দিনের কথা। অনুরাগীরা এবার বিশ্বকাপ চান ইনসেনটিভ হিসাবে। তাঁদের দোষ দেওয়া অনুচিত। এবার স্বপ্নের ফর্মে আর্জেন্তাইন ম্যাজিশিয়ান। ইংল্যান্ড, সুইৎজারল্যান্ড, কেপ ভার্দে— বিপদে ত্রাতা তিনিই। ডান পা তাঁর বারুদে ভরতি আর বহুচর্চিত বাঁ পা তৈরি সবুজ ক্যানভাসে শিল্পের কোলাজ আঁকতে। অতিরিক্ত মেসিভক্তির জন্য বাঙালিকে কাঠগড়ায় তুলে লাভ নেই। প্রতিদ্বন্দ্বী স্পেনের অন্তত হাফ ডজন ফুটবলার তাঁর ভক্ত। কে কে জানেন? লামিনে ইয়ামাল, কুবার্সি, মুনোজ, এরিক গার্সিয়া, গাবি এবং ড্যানি ওলমো। ফাইনালের পর লিওর জার্সি নেওয়ার জন্য এঁদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা চলছে। প্রত্যেকের ছোটোবেলার নায়ক এলএমটেন। তাছাড়া লা মাসিয়ার সেরা ফসলের প্রতি বাকিদের তো আলাদা টান থাকবেই। তাই স্পেনের একাধিক সংবাদপত্র প্রশ্ন তুলেছে, ফাইনালের আগে এত মেসিপ্রেম পারফরম্যান্সে প্রভাব ফেলবে না তো? 
এ যুগে সবাই পেশাদার। তাই মাঠে নামলে মহাতারকার প্রতি ভালোবাসা মুহূর্তে ঝেড়ে ফেলবেন ফুয়েন্তের ছেলেরা। তিকি-তাকার মশাল হাতে আর্জেন্তাইন ঝড় থামিয়ে বিশ্বজয়ের পথ খুঁজে নেওয়াই রড্রিদের লক্ষ্য। লিখতে দ্বিধা নেই, স্পেন ও বিশ্বকাপের মধ্যে দাঁড়িয়ে লিও মেসি। 
শক্তির বিচারে দুই দলের মধ্যে এগিয়ে স্পেন। দুরন্ত মাঝমাঠ এবং শক্তিশালী রক্ষণ অবশ্যই ফুয়েন্তের বড়ো ভরসা। চলতি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে তাঁরা। পাশাপাশি, দুরন্ত কামব্যাকই আর্জেন্তিনার মানসিক দৃঢ়তার পরিচয় দেয়। মেসির জন্য প্রাণ দিতে প্রস্তুত বাকিরা। কোচ শুধু নিঃশব্দে মালা গাঁথার কাজ করে চলেছেন। শনিবার সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন দুই দলের কোচ ও অধিনায়ক। এই অনুষ্ঠানেও নির্লিপ্ত মেসি। দেখে বোঝা দায়, এরপর বিশ্বকাপে আর কখনও তাঁকে দেখা যাবে না। শান্ত স্বরে ইয়ামালদের প্রশংসা, বার্সেলোনার সোনালি অতীতে ডুব দিতেই তিনি ব্যস্ত। লিও জানেন, এই লড়াই তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার। রবিবার মেঘলা বিকালে আর্জেন্তিনা জিতলে তিনি ভাসবেন আবেগের স্রোতে। উলটোটা হলে, চোখের জলে মেনে নিতে হবে নবীন প্রজন্মের শ্রেষ্ঠত্ব।  
হৃদয় বনাম মস্তিষ্কের লড়াই। মন বলছে মেসি, আর মগজ স্পেন। উত্তর মিলবেই। অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার।

Advertisement
সম্পর্কিত সংবাদ