দুরন্ত মেসি, বড়ো জয় ইন্তার মায়ামির
  • ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মায়ামি: আর্জেন্তিনার জার্সিতে বেনিনের বিপক্ষে কেরিয়ারের শেষ ম্যাচটি খেলেছেন লায়োনেল মেসি। সেই ফেয়ারওয়েল ম্যাচে মুঠো মুঠো আবেগের বিস্ফোরণ দেখা গিয়েছে। তার রেশ না কাটতেই ক্লাব ফুটবলে ফিরলেন মেসি। শুধু তাই নয়, মেজর সকার লিগে ইন্তার মায়ামির হয়ে জোড়া গোলও করলেন তিনি। এদিন ডিসি ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে হারায় ইন্তার মায়ামি। মেসির মতোই জোড়া লক্ষ্যভেদ লুই সুয়ারেজের। 

Advertisement

ম্যাচের শুরুতেই গোল তুলে নেয় ইন্তার মায়ামি। ৩ মিনিটে বাঁ পায়ের আলতো শটে লক্ষ্যভেদ সুয়ারেজের। বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এক্ষেত্রে জটলা থেকে জাল কাঁপান উরুগুয়ের তারকা। বিরতির পর মেসি ম্যাজিক। ৪৭ মিনিটে বাঁ পায়ের ছোট্ট ট্যাপে ৩-০ করেন মেসি। এর কিছুক্ষণ পরেই তাঁর প্লেসিং পোস্টে প্রতিহত হয়। ৬০ মিনিটে মেসির দ্বিতীয় গোল ম্যাচের সেরা। বিপক্ষের ডিফেন্সিভ থার্ডে বল ধরে হেলায় ৩ ডিফেন্ডারকে টলিয়ে জাল কাঁপান লিও। চলতি টুর্নামেন্টে তাঁর নামের পাশে আপাতত ২৩টি গোল। এই জয়ের সুবাদে ২৮ ম্যাচে ইন্তার মায়ামির পয়েন্ট ৪৯। টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সমসংখ্যক ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল। মায়ামির কোচ ক্রিশ্চিয়ান গঞ্জালেজ বলেছেন, ‘ক্লাব ফুটবলে দুরন্ত মেসিকে দেখা সৌভাগ্যের। এখনো অনবদ্য ছন্দে রয়েছে।’
এদিকে, রবিবার ইপিএলে ম্যান সিটি ৩-০ ব্যবধানে উড়িয়ে দিল লিভারপুলকে। গোল করেন হালান্ড, ডোকু ও চেরকি।