Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

এমএলএস অল স্টার ম্যাচ থেকে সরে দাঁড়ালেন মেসি

বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষত এখনও মেটেনি। ফুটবল থেকে দূরে থাকতে নিজের ছোটবেলার শহর রোজারিওতে ফিরে গিয়েছেন লায়োনেল মেসি।

এমএলএস অল স্টার ম্যাচ থেকে সরে দাঁড়ালেন মেসি
  • ২৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রোজারিও: বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষত এখনও মেটেনি। ফুটবল থেকে দূরে থাকতে নিজের ছোটবেলার শহর রোজারিওতে ফিরে গিয়েছেন লায়োনেল মেসি। সেখানেই পরিবারের সঙ্গে আপাতত সময় কাটাচ্ছেন বাঁপায়ের জাদুকর। তাই মেজর লিগ সকারের অল স্টার ম্যাচে দেখা যাবে না তাঁকে। তবে ফুটবল মাঠ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারলেন না আর্জেন্তাইন মহাতারকা। শনিবার রোজারিওর অরোইয়ো সেকোতে পরিবারিক ক্লাব লিওনেস এফসি’র ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন লিও। স্থানীয় রেডিও স্টেশনের প্রকাশিত এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্টেডিয়ামের ব্যালকনিতে দাঁড়িয়েই সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন মেসি। সেসময় তাঁর নামে স্লোগান দিতে থাকেন অনুরাগীরা। মেসির সঙ্গে ছিল তাঁর ছেলেরাও। উল্লেখ্য, বিশ্বকাপ চলাকালীন মেসির বাবার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। তা নিয়ে চলেছিল নানা গুঞ্জন। তাই টুর্নামেন্ট শেষ হতেই পরিবারের পাশে থাকতে ছোটবেলার শহরে ফেরেন লিও।

Advertisement

টানা তৃতীয়বার মেজর লিগ সকার অল স্টার ম্যাচে দেখা যাবে না মেসিকে। গতবার এই ম্যাচ না খেলার জন্য শাস্তির মুখে পড়তে হয়েছিল তাঁকে। এবার অবশ্য বিশ্বকাপের শেষে দলের সেরা ফুটবলারকে বিশ্রাম দেওয়ার বিষয়টি আগেই ঘোষণা করেছে ইন্তার মায়ামি। এমনকি, আর্জেন্তিনার আর এক ফুটবলার রডরিগো ডে পলকেও ছুটি দিয়েছে তারা। ফলে মেসির পাশাপাশি তাঁকেও দেখা যাবে না এই ম্যাচে।
এদিকে, বিশ্বকাপ ফাইনালে হারের পরই মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দেশের জার্সিতে আদৌ আর তাঁকে দেখা যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন থাকছেই। সেই আগুনে নতুন করে ঘি ঢাললেন জাতীয় দলের সতীর্থ লিয়ান্দ্রো পারাদেস। তাঁর মন্তব্য, ‘আমরা কেউ চাই না, মেসি অবসর নিক। তবে আমি মনে করি, সে ইতিমধ্যেই দেশের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছে। আর তেমনটা হলে অবাক হবো না। যদিও আমরা চাই ও আরও কিছুদিন দেশের হয়ে খেলা চালিয়ে যাক।’

Advertisement
সম্পর্কিত সংবাদ