Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

২৬ জনের স্কোয়াড ঘোষণা আর্জেন্তিনার, যষ্ঠ বিশ্বকাপে খেলবেন মেসি

অপেক্ষার অবসান। আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ জনের স্কোয়াড ঘোষণা করল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা।

২৬ জনের স্কোয়াড ঘোষণা আর্জেন্তিনার, যষ্ঠ বিশ্বকাপে খেলবেন মেসি
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বুয়েনস আইরেস: অপেক্ষার অবসান। আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ জনের স্কোয়াড ঘোষণা করল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। প্রত্যাশিতভাবেই কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন লায়োনেল মেসি। এছাড়া বিশ্বজয়ী দলের ১৭ জন সদস্যকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লায়োনেল স্কালোনি। চমক বলতে মার্কোস আকুনার বাদ পড়া।

Advertisement

২০২২ বিশ্বকাপ জেতার পর থেকেই চর্চায় লিও মেসির ভবিষ্যৎ। তবে মহাতারকা কখনও পরিষ্কার করে বলেননি, তিনি পরের বিশ্বকাপে খেলবেন। সম্প্রতি আবার ইন্তার মায়ামির জার্সিতে খেলাকালীন চোট পেয়েছিলেন লিও। তাতে আশঙ্কা বাড়ে অনুরাগীদের। তবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, গুরুতর কিছু নয়। অবশেষে শুক্রবার মেসিকে ক্যাপ্টেন রেখেই ঘোষিত হল আর্জেন্তিনার স্কোয়াড। গতবারের চ্যাম্পিয়নদের স্কোয়াড প্রত্যাশিতভাবেই শক্তিশালী। আক্রমণভাগে মেসির সঙ্গে রয়েছেন জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, থিয়াগো আলমাডারা। গতবার চোটের কারণে ছিটকে যাওয়া নিকো গঞ্জালেসও রয়েছেন। আর নতুন সংযোজন নিকো পাজ, সিমোনে, ম্যানুয়েল লোপেজ। মাঝমাঠে ম্যাক অ্যালিস্টার, রডরিগো ডে পল, লিয়ান্দ্রো পারেডেস, এনজো ফ্রার্নান্ডেজের সঙ্গে সুযোগ পেয়েছেন তরুণ ভ্যালেন্টিন বার্কো, পালাসিওস। পাশাপাশি চোটের কারণে গত বিশ্বকাপে না খেলতে পারা এল সেলসোকে রাখা হয়েছে। তবে রক্ষণভাগে সমস্যা রয়েছে। সদ্য চোট থেকে ফেরার কুটি রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজের পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনে আছেন বর্ষীয়ান ওটামেন্ডি। এখন প্রশ্ন, ৩৮ বছর বয়সি ওটামেন্ডি কি এখন সেরা পারফরম্যান্স মেলে ধরতে সক্ষম? সাইড ব্যাকে নিকোলাস ট্যাগলিয়াফিকোর পাশাপাশি মোলিন, মন্টিয়েলের উপর ভরসা রেখেছেন কোচ। নতুন সংযোজন ফাকুন্দো মেদিনা। গোলরক্ষক হিসেবে প্রত্যাশিতভাবেই আছেন এমিলিয়ানো মার্তিনেজ, রুলি ও মুসো। তবে গারনাচো, মাস্তানতুয়ানো ও বুয়েন্দিয়ার মতো তরুণ প্রতিভাদের জায়গা হয়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ