ফ্লোরিডা: বিশ্বকাপের বল গড়াতে আর এক মাসও বাকি নেই। ইতিমধ্যেই কাপ যুদ্ধের প্রাথমিক মহড়া হিসেবে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলি। দু’দিন আগেই দলের প্রাণভ্রমরা লিও মেসিকে রেখেই দল বেছে নিয়েছিলেন আর্জেন্তিনা কোচ লায়োনেল স্কালোনি। আর তারপরই বাঁ পায়ের জাদুকরকে সামনে রেখেই বিশ্বকাপ পুনরুদ্ধারের স্বপ্ন দেখতে শুরু করেছেন অনুরাগীরা। বৃহস্পতিবার ক্লাব ফুটবলে দুরন্ত পারফরম্যান্সের মধ্যে দিয়ে তা আরও জোরালো করলেন এলএমটেন। মেজর লিগ সকারে অ্যাওয়ে ম্যাচে সিনসিনাটিকে ৫-৩ গোলে হারাল ইন্তার মায়ামি। ম্যাচে জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট রয়েছে মেসির। ম্যাচের ৮৯ মিনিটে তাঁর শট পোস্টে লেগে গোলরক্ষকের গা স্পর্শ করে জালে না জড়ালে হ্যাটট্রিকও পেতে পারলেন আর্জেন্তাইন মহাতারকা। ম্যাচে ইন্তার মায়ামির উপর দুই গোলদাতা মাতেও সিলভেত্তি ও জার্মান বার্তেরামে। সিনসিনাটির হয়ে গোল করেন যথাক্রমে কেভিড় ডেঙ্কি, পাভেল বুচা ও এভান্ডের। এই জয়ের সুবাদে ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থান ধরে রাখল ইন্তার মায়ামি। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে ন্যাশভিলে।



