মায়ামি: বিশ্বকাপ ফাইনালের পর ছুটিতেই ছিলেন তিনি। অনুরাগীরা অপেক্ষা করছিলেন প্রিয় তারকার মাঠে ফেরার। অবশেষে অপেক্ষার অবসান ঘটালেন লায়োনেল মেসি। রবিবার ইন্তার মায়ামির জার্সিতে ৫৩ মিনিটে পরিবর্ত হিসাবে মাঠে নামেন আর্জেন্তাইন মহাতারকা। মুহূর্তে গ্যালারিতে ওঠে উচ্ছ্বাসের ঢেউ। যেন তাঁরই প্রতীক্ষায় ছিল পুরো স্টেডিয়াম। তবে প্রত্যাবর্তন ম্যাচে অনুরাগীদের জয় উপহার দিতে ব্যর্থ মেসি। এমএলএসে তাঁর দল ২-২ ড্র করে কলম্বাসের সঙ্গে। তার জেরে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া হল ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দলের।
টানা দ্বিতীয়বার আর্জেন্তিনাকে বিশ্বকাপ ফাইনালে তুলেছিলেন লিও মেসি। কিন্তু এবার ফাইনালে পৌঁছেও কাপ জিততে পারেননি এলএমটেন। স্পেনের কাছে হেরে মাঠ ছাড়ে মারাদোনার দেশ। স্বপ্নভঙ্গের পর মেসি ও রডরিগো ডে পলকে তিন সপ্তাহের জন্য ছুটি দেয় ইন্তার মায়ামি কর্তৃপক্ষ। এই পর্বে আর্জেন্তিনার রোজারিওয় নিজের বাড়িতে ছিলেন লিও। তবে ছুটির মেয়াদ শেষ হওয়ার আগেই ক্লাবে যোগ দিলেন তিনি।
রবিবার ১৬ মিনিটে সুয়ারেজের গোলে লিড নিয়েছিল ইন্তার মায়ামি (১-০)। তবে তা ধরে রাখতে পারেনি বেকহ্যামের ক্লাব। ৩৪ মিনিটে কাসেমিরোর আত্মঘাতী গোলে সমতায় ফেরে কলম্বাস (১-১)। উল্লেখ্য, ব্রাজিলিয়ান এই মিডিও এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে মেসিদের ক্লাবে নাম লিখিয়েছেন। তিনদিন আগে মনট্রিয়ালের বিরুদ্ধে তাঁর অভিষেক হয়। তবে ঘরের মাঠে রবিবারই প্রথম ম্যাচ খেললেন তিনি। প্রথমার্ধের সংযোজিত সময়ে ফের লিড নেয় ইন্তার মায়ামি। এবার সুয়ারেজের বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ নোয়া অ্যালেনের (২-১)। দ্বিতীয়ার্ধে মেসি মাঠে নামতে ইন্তার মায়ামির আক্রমণে ঝাঁঝ অবশ্য কিছুটা বেড়েছিল। কিন্তু গোল আসেনি। উলটে, ৮৪ মিনিটে ব্রাইস মেন্ডেজের গোলে সমতায় ফেরে কলম্বাস (২-২)।