Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

হ্যামস্ট্রিংয়ে সমস্যা, দু’সপ্তাহ বিশ্রামে মেসি

আগামী ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলস এফসি’র বিরুদ্ধে ম্যাচ দিয়ে নতুন মরশুমে মেজর লিগ সকার অভিযান শুরু করবে ইন্তার মায়ামি।

হ্যামস্ট্রিংয়ে সমস্যা, দু’সপ্তাহ বিশ্রামে মেসি
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: আগামী ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলস এফসি’র বিরুদ্ধে ম্যাচ দিয়ে নতুন মরশুমে মেজর লিগ সকার অভিযান শুরু করবে ইন্তার মায়ামি। তবে তার আগেই দলের সেরা তারকা লায়োনেল মেসির চোট চিন্তা বাড়াল। গত সপ্তাহে প্রাক মরশুম সফরে ইকুয়েডরে এফসি বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান লিও। ঝুঁকি না নিয়ে তাঁকে সঙ্গে সঙ্গে তুলে নেন কোচ মাসচেরানো। আপাতত দু’সপ্তাহ বিশ্রামে থাকতে হবে আর্জেন্তাইন মহাতারকাকে। এরপরই দলের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে একথা সামনে আনা হয়। একইসঙ্গে পুয়ের্তো রিকোর বিরুদ্ধে যে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল ইন্তার মায়ামির, তা স্থগিত রাখা হয়।

Advertisement

বুধবার এমএসএল ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘এফসি বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে বাঁ হ্যামস্ট্রিংয়ে টান ধরে মেসির। ডাক্তারের পরামর্শ মেনে আপাতত তাঁকে বিশ্রামে রাখা হয়েছে। আগামী দিনে চোটের উন্নতির উপর মাঠে ফেরার বিষয়টি নির্ভর করছে।’ এরপরই ইনস্টাগ্রামে এক পোস্টে পুয়ের্তো রিকো অনুরাগীদের কাছে ম্যাচ স্থগিতের জন্য দুঃখপ্রকাশ করেন মেসি। তিনি বলেন, ‘গত ম্যাচে পেশিতে টান ধরায় বেশ অস্বস্তির মধ্যেই মাঠ ছাড়ি। আপাতত বিশ্রামে রয়েছি। আশা করছি, দ্রুত আপনাদের সঙ্গে দেখা হবে।’ মেসির চোটের উপর কড়া নজর রাখছে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আগামী ২৭ মার্চ ফিনালিসিমায় স্পেনের মুখোমুখি হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তারপরই বিশ্বকাপের জন্য প্রাথমিক দল বেছে নেবেন কোচ স্কালোনি। তাই দলের অধিনায়কের চোট বেশ অস্বস্তি বাড়িয়েছে আর্জেন্তিনা শিবিরে। এদিকে, মেসি ও তাঁর ছেলেদের জন্য স্যান্টোসের জার্সি উপহার পাঠালেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার সই করা জার্সি হাতে সেই ছবি পোস্ট করেন এলএমটেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ