ফ্লোরিডা: বাবার মৃত্যুশোক কাটিয়ে মাঠে ফিরেছেন। তবে দ্বিতীয় ম্যাচেও সেরা ছন্দে দেখা গেল না লায়োনেল মেসিকে। লিগ কাপের আসরে পরিবর্ত হিসাবে মাঠে নেমে রীতিমতো নিষ্প্রভ ছিলেন আর্জেন্তাইন মহাতারকা। রবিবার মেজর লিগ সকারের ম্যাচে ন্যাশভিলের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশে রেখেই দল সাজিয়েছিলেন ইন্তার মায়ামির কোচ গুইলেরমো হোয়োস। এদিনও বেশ ছন্নছাড়া দেখায় এলএমটেনকে। এমনকি, ম্যাচে পেনাল্টিও মিস করেন মেসি। দলের সেরা তারকার ব্যর্থতার জেরে আরও এক ম্যাচে হারের মুখ দেখল ইন্তার মায়ামি। টানা তিন ম্যাচে খালি হাতেই মাঠ ছাড়ল ডেভিড বেকহ্যামের দল। অ্যাওয়ে ম্যাচে ১-৪ ব্যবধানে হারের ফলে লিগ টেবিলে শীর্ষে উঠে আসার সুর্বণ সুযোগ হাতছাড়া করল ইন্তার মায়ামি। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইলেন মেসিরা। শীর্ষে থাকা ন্যাশভিলের (১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট) সঙ্গে তাঁদের পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়াল ৫।



