টেক্সাস: হতে পারে নিছক প্রস্তুতি ম্যাচ। তবে আগ্রহে খামতি ছিল না ফুটবল অনুরাগীদের। রবিবার টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে হাজির ছিলেন ৯১ হাজার দর্শক। বিশ্বকাপের বল গড়ানোর আগে ফুটবলের প্রতি মার্কিনীদের এমন উন্মাদনায় অবাক স্বয়ং ফিফা কর্তারা। আসলে আর্জেন্তিনা বনাম হন্ডুরাস ম্যাচে আকর্ষণের কেন্দ্রে ছিলেন লায়োনেল মেসি। যদিও মাঠে নামেননি আর্জেন্তাইন মহাতারকা। তাঁকে বাইরে রেখেই দল সাজিয়েছিলেন কোচ লায়োনেল স্কালোনি। তবে ম্যাচ জুড়েই ‘মেসি, মেসি’ ধ্বনিতে মুখর অনুরাগীরা। আর সাইড-লাইন বেঞ্চে বসে তা উপভোগ করলেন বাঁপায়ের জাদুকর।
মেসির অনুপস্থিতিতে হন্ডুরাসকে সহজেই বশ মানাল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। লাওতারো মার্তিনেজ ও গুইলিয়ানো সিমিওনের গোলে ২-০ ব্যবধানে জিতল স্কালোনির ছেলেরা। পুরো ম্যাচে দাপুটে ফুটবল মেলে ধরে লা আলবিসেলেস্তে ব্রিগেড। মেগা টুর্নামেন্ট শুরুর আগে যা স্বস্তিতে রাখছে টিম ম্যানেজমেন্টকে। আগামী ১৬ জুন (ভারতীয় সময় ১৭ জুন ভোর) আলজেরিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে আর্জেন্তিনা। তার আগে অবশ্য আইসল্যান্ডের বিরুদ্ধে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সেখানে কিছুটা সময় হলেও মেসিকে দেখে নিতে চাইবেন কোচ স্কালোনি।
এদিকে, চোটের কারণে আপাতত মাঠের বাইরে দলের এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। হাতের আঙুলে ব্যান্ডেজ নিয়েই দলের সঙ্গে রিহ্যাব সারছেন তিনি। তবে হন্ডুরাস ম্যাচে ডাগ-আউটে না বসে ক্যামেরা হাতে ডিবুকে দেখা দিয়েছে গোলপোস্টের পিছনে। আবার কখনও চিত্রসাংবাদিকদের পাশে বসে ম্যাচের বিভিন্ন মুহূর্ত লেন্সবন্দি করেন। নিমেষে সেই ছবি ভাইরাল। রবিবারের ম্যাচের আরও একটি দৃশ্য নজর কেড়েছে। খেলার শেষে আর্জেন্তিনার কোচ স্কালোনির সঙ্গে কথা বলতে দেখা যায় হন্ডুরাসের দায়িত্বে থাকা প্রাক্তন মোহন বাগান কোচ হোসে মোলিনাকে। মেসিদের হেড স্যারের সঙ্গে স্প্যানিশ কোচের পরিচয় বহুদিনের। ফুটবল জীবনে তাঁরা ছ’বছর একসঙ্গে খেলেছিলেন ডেপোর্টিভো লা করুনায়। তাই প্রাক্তন সতীর্থকে পাশে পেয়ে বেশ খোশমেজাজেই দেখা গেল বিশ্বকাপজয়ী কোচকে।
এদিকে, শনিবারের প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারায় তারা। একমাত্র গোলটি হ্যারি কেনের। অপর এক ম্যাচে আমেরিকার বিরুদ্ধে ২-১ গোলে জিতল জার্মানি।