ইন্তার মায়ামি- ২ : ন্যাশভিল- ১
(মেসি-২) (মুখতার)
ইন্তার মায়ামি- ২ : ন্যাশভিল- ১
(মেসি-২) (মুখতার)
ফ্লোরিডা: ক্লাব বিশ্বকাপে আপ্রাণ চেষ্টা করেও দলকে শেষ আটে তুলতে পারেননি তিনি। তবে সেই হতাশা ভুলে মেজর লিগ সকারে দুরন্ত ছন্দে লায়োনেল মেসি। ইন্তার মায়ামির জার্সিতে মার্কিন মুলুকে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের নজির গড়লেন আর্জেন্তাইন মহাতারকা। তাঁর কাঁধে ভর করেই লিগে টানা পাঁচ ম্যাচে জয় পেল ডেভিড বেকহ্যামের দল। ঘরের মাঠে ন্যাশভিলকে ২-১ গোলে হারাল ইন্তার মায়ামি। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে তারা। তবে তিন ম্যাচ বেশি খেলে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষ থাকা ফিলাডেলফিয়ার সঙ্গে ইন্তার মায়ামির পার্থক্য কমে দাঁড়িয়েছে মাত্র চার। ম্যাচে ন্যাশভিলের একমাত্র গোলটি হানি মুখতারের।
দীর্ঘ কেরিয়ারে এর আগে অবশ্য টানা ৬ ম্যাচে জোড়া গোলের নজির রয়েছে লিও মেসির। ২০১২ সালে লা লিগায় বার্সেলোনার জার্সিতে এই কীর্তি গড়েছিলেন তিনি। সেবার প্রতিটি ম্যাচেই জয় পায় কাতালন ক্লাবটি। এবার ইন্তার মায়ামির জার্সিতেও তার পুনরাবৃত্তি ঘটানোর লক্ষ্যেই বুধবার সিনসিনাটির মুখোমুখি হবেন মেসি। টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের পাশাপাশি আরও এক নজির গড়লেন তিনি। ফ্রি-কিকে জাল কাঁপানোর নিরিখে লিও পিছনে ফেললেন ব্রাজিলের কিংবদন্তি জিকোকে (৬৮)। ন্যাশভিলের বিরুদ্ধে ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে গড়ানো শটে লক্ষ্যভেদ করেন মেসি। সেই সঙ্গে কেরিয়ারে ৬৯ নম্বর ফ্রি-কিক গোল সেরে ফেলেন তিনি। এই তালিকায় অবশ্য শীর্ষে রয়েছেন আর এক ব্রাজিলিয়ান মার্সেলিনহো কারিওকা (৭৮)।