ন্যাশভিলে- ২ : ইন্তার মায়ামি- ৫
ন্যাশভিলে- ২ : ইন্তার মায়ামি- ৫
ফ্লোরিডা: আট মাস বাদে খেতাব ধরে রাখার লক্ষ্যে মার্কিন মুলুকে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্তিনা। তার আগে দলের প্রাণভ্রোমরা লায়োনেল মেসির দুরন্ত ফর্ম অবশ্যই স্বস্তিতে রাখবে ডিয়েগো মারাদোনার দেশকে। রবিবার ইন্তার মায়ামির জার্সিতে আরও এক হ্যাটট্রিক পূর্ণ করলেন বাঁপায়ের জাদুকর। সেই সঙ্গে চলতি মরশুমে মেজর লিগ সকারে ২৮ ম্যাচে ২৯ বার জাল কাঁপিয়ে সোনার বুট নিশ্চিত করেছেন এলএমটেন। তাঁর দুরন্ত পারফরম্যান্সের সুবাদে সহজ জয়ে লিগ অভিযান শেষ করল ইন্তার মায়ামি। অ্যাওয়ে ম্যাচে ন্যাশভিলেকে ৫-২ গোলে হারাল ডেভিড বেকহ্যামের দল। মেসির পাশাপাশি স্কোরশিটে নাম তোলেন বালতাসার রডরিগেজ ও তালেস্কো সেগোভিয়া। ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করল ইন্তার মায়ামি। সেই সঙ্গে টানা দ্বিতীয়বার এমএলএসের প্লে-অফের টিকিট নিশ্চিত করলেন মেসিরা। পরের রাউন্ডের শুরুতেই ফের ন্যাশভিলের মুখোমুখি হবে হাভিয়ের মাসচেরানো-ব্রিগেড।
২০২৩ সালে পিএসজি ছেড়ে মেজর লিগ সকারে যোগ দেন মেসি। তাঁর হাত ধরে গতবার সাপোর্টার্স শিল্ড জয়ের পাশাপাশি ক্লাব ইতিহাসে প্রথমবারের জন্য প্লে-অফের যোগ্যতা অর্জন করেছিল ইন্তার মায়ামি। তবে শুরুতেই বিদায় নিতে হয় সুয়ারেজদের। এবার মাত্র এক পয়েন্টের জন্য শিল্ড হাতছাড়া করেন তাঁরা। তবে শিরোপা জিতে সেই আক্ষেপ মেটাতে মরিয়া মেসিরা। উল্লেখ্য, রবিবার বড় জয় পেলেও ইন্তার মায়ামির রক্ষণ নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। প্রায় প্রতি ম্যাচেই গোল হজম করছে তারা। প্লে-অফের আগে সেই দুর্বলতা কাটিয়ে ওঠাই লক্ষ্য কোচ মাসচেরানোর।