Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মেসিভক্ত পলিন ঠাকুমা বিশ্বকাপের সুপার ফ্যান

ডালাসের পলিন ঠাকুমা, ১০০ বছরের মেসি ফ্যান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁর গল্পে ফুটবল প্রেমের আবেগ। বিস্তারিত পড়ুন।

মেসিভক্ত পলিন ঠাকুমা বিশ্বকাপের সুপার ফ্যান
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ডালাস: পাটের শনের মতো সাদা চুল। বৃদ্ধার হাতে ছোট্ট প্ল্যাকার্ডে জ্বলজ্বল করছে, ‘১০০ বছরের মেসি ফ্যান।’ মুঠোফোন ও টেলিভিশনের সৌজন্যে নীল-সাদা জার্সি পরিহিত মেসি ভক্তের ছবি এখন ভাইরাল। আর্জেন্তিনা বনাম অস্ট্রিয়া ম্যাচের পর ক্যামেরার চোখ খুঁজে নিয়েছিল বৃদ্ধাকে। ‘মেসি, মেসি’ স্লোগানে তখন উত্তাল গ্যালারি। বৃদ্ধার সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। কিন্তু কী তাঁর পরিচয়? হইচই শুরু সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

পলিন কানার বয়স ১০০। নেট দুনিয়ায় অ্যানি স্মিথ বা গ্যাংস্টার অ্যানি নামে পরিচিত। আসলে নাতি রস স্মিথের সঙ্গে মজাদার রিলস বানান পলিন। আর তাতেই জনপ্রিয়তা বেড়েছে রাতারাতি। ফলোয়ার্স প্রায় ২৫ লক্ষ। গত বছর ক্লাব বিশ্বকাপে ইন্তার মায়ামি ম্যাচে দেখা গিয়েছিল তাঁকে। প্ল্যাকার্ডে লেখা, ‘মেসি তুমি কি আমায় বিয়ে করবে?’ এমন রসিকতায় নেটদুনিয়া হেসে কুটোপাটি। এমনটা নতুন নয়। কখনো পলিনের পোস্টারে লেখা থাকত-‘মেসি তোমায় আমি ভালোবাসি। বয়স তো শুধুই সংখ্যা।’ ওয়ার্ম-আপের সময়ে পলিনের দিকে চেয়ে হাত নেড়েছিলেন এলএমটেনও। তাঁর মুখেও চিলতে হাসি। সেই মুহূর্তও ভাইরাল। ভিউয়ের সংখ্যা কয়েক লক্ষ। যাই হোক, এখন লোকের মুখে মুখে ঘুরছে পলিন ঠাকুমার নাম। অনেকেই বলছেন, তিনিই বিশ্বকাপের সুপার ফ্যান। আসলে এটাই মেসি ম্যানিয়া। বাঁধ মানে না আবেগ। বয়সের সেঞ্চুরি হাঁকানো পলিনও সেই জোয়ারে ভেসেছেন। মেসির গোলে গ্যালারিতে উঠে দাঁড়ান বৃদ্ধা। নাতির বয়সী সমর্থকের সঙ্গে মেতে ওঠেন সব পেয়েছির আনন্দে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ