Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

‘সর্বকালের সেরা’ বিতর্কে ইতি টানলেন মেসি, লিওকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ এএফএ’র

গত সোমবারই ইনস্টাগ্রাম পোস্টে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন লায়োনেল মেসি। হঠাৎই তাঁর এমন সিদ্ধান্তে অবাক হয়েছিলেন অনেকেই।

‘সর্বকালের সেরা’ বিতর্কে ইতি টানলেন মেসি, লিওকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ এএফএ’র
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বুয়েনস আইরেস: গত সোমবারই ইনস্টাগ্রাম পোস্টে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন লায়োনেল মেসি। হঠাৎই তাঁর এমন সিদ্ধান্তে অবাক হয়েছিলেন অনেকেই। তবে এটা যে আবেগের বশে ছিল না, তা নিজেই জানিয়েছিলেন বাঁ পায়ের জাদুকর। বৃহস্পতিবার ফের একবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন লিও। এবার তাঁর ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে চলা সর্বকালের সেরা ফুটবলারের তুলনায় ইতি টানলেন। তবে এই পোস্টটা ছিল এক বিজ্ঞাপন সংস্থার। তবে তাতে পরিষ্কার হয়ে যায়, আসল ‘গোট’ (গ্রেটেস্ট অফ অল টাইম) তিনি। মেসির এই পোস্টের পরই পালটা সমালোচনার পথে হেঁটেছেন রোনাল্ডো অনুরাগীরা। অনেকেই ক্ষোভ দেখিয়ে বলেন, এভাবে মেসি নিজের ঢাক নিজে পেটাতে পারেন না।

Advertisement

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর মেসিকে সম্মান জানাতে এক বিশেষ ভিডিয়ো প্রকাশ করেছে একটি পানীয় সংস্থা। তাতে দেখা যাচ্ছে, এক পানশালায় কাউন্টারে বেড়িয়ে আসছে রসিদ। তাতে মেসির দীর্ঘ ফুটবল কেরিয়ারে দেশের জার্সিতে অর্জিত যাবতীয় খতিয়ান ছাপা। আর সবশেষে লেখা—‘গোট ডিবেট সেটেলড।’ অথাৎ, সর্বকালের সেরা ফুটবলার নিয়ে যাবতীয় বিতর্কের ইতি ঘটল। ইঙ্গিতটা ঠিক কোন বিষয়ে দেখা হয়েছে, তা বুঝতে সময় লাগেনি। আর সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে মেসি লেখেন, ‘২০ বছরের বেশি কেরিয়ার। ৬টা ফিফা বিশ্বকাপ। অজস্র স্মৃতি। জীবনের প্রতিটা মুহূর্তে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।’ এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় চর্চা। মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথে নতুন করে আগুনে ঘি ঢালল এই ভিডিয়ো।
এদিকে, লিও মেসিকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপজয়ী বাঁ পায়ের জাদুকরকে শ্রদ্ধা জানিয়ে দেশের যাবতীয় লিগের ম্যাচে ১০ মিনিটের মাথায় খেলা থামানো হবে। মূলত মেসির জার্সি নম্বর ১০ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর ১ মিনিট ধরে করতালির মাধ্যমে মেসিকে ধন্যবাদ জানাবেন অনুরাগীরা। এমনকি, যে স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা থাকবে, সেখানে দেখানো হবে বিশেষ ভিডিয়ো বার্তা। এএফএ’র পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘পুরুষ ও মহিলাদের (১১ জনের ম্যাচ, ফুটসল ও বিচ সকার) পরবর্তী ম্যাচের প্রথমার্ধে ১০ মিনিটের পর খেলা থমকে যাবে। এক মিনিট খেলা হবে না। আর্জেন্তিনার জাতীয় দলের হয়ে লায়োনেল মেসির কেরিয়ার ও সাফল্যের জন্য তাঁকে ধন্যবাদ জানানো হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ