Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

চোট শঙ্কা উড়িয়ে জাতীয় শিবিরে হাজির মেসি

মায়ামি থেকে নিজের ব্যক্তিগত বিমানে কানসাসে পা রাখেন আর্জেন্তাইন মহাতারকা। তাঁর সঙ্গেই ছিলেন রডরিগো ডে পল।

চোট শঙ্কা উড়িয়ে জাতীয় শিবিরে হাজির মেসি
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কানসাস সিটি: খেতাব ধরে রাখার লক্ষ্যে মার্কিন মুলুকে পা রাখল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। জাতীয় দলের জন্য বরাদ্দ বিশেষ বিমানে রবিবার বিকালে কানসাস সিটিতে পৌঁছান কোচ লায়োনেল স্কালোনি সহ অধিকাংশ ফুটবলার। তবে সেই বিমানে দেখা যায়নি লায়োনেল মেসিকে। কয়েক ঘণ্টা বাদে রাতে মায়ামি থেকে নিজের ব্যক্তিগত বিমানে কানসাসে পা রাখেন আর্জেন্তাইন মহাতারকা। তাঁর সঙ্গেই ছিলেন রডরিগো ডে পল। উল্লেখ্য, গত ২৫ মে মেজর লিগ সকারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান ধরেছিল এলএমটেনের। প্রাথমিকভাবে ডাক্তাররা তাঁকে দু’সপ্তাহ বিশ্রাম নিতে বলেছিলেন। তাই অনেকেরই আশঙ্কা ছিল, মেসি হয়তো দেরিতে যোগ দেবেন। তবে সেই জল্পনা উড়িয়ে দিলেন বাঁ পায়ের জাদুকর। 

Advertisement

১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু করবে আর্জেন্তিনা। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া আর জর্ডন। তার আগে অবশ্য হন্ডুরাস (৭ জুন) ও আইসল্যান্ডের (১০ জুন) বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে স্কালোনি ব্রিগেড। আগামী কয়েকদিন তাই টিম কম্বিনেশন গঠনের উপর জোর দেবেন আর্জেন্তিনার কোচ। উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপ স্কোয়াডের একাধিক ফুটবলার এবার দলে রয়েছেন। তবে অ্যাঞ্জেল ডি মারিয়ার অভাব ঢাকাই স্কালোনির কাছে বড় চ্যালেঞ্জ। এই পজিশনে নিকো পাজকে বেশ কয়েকটি ম্যাচে ব্যবহার করেছেন তিনি। তাই বিশ্বকাপেও এই তরুণ উইঙ্গারের উপর ভরসা রাখতে পারেন মেসিদের হেড স্যার। পাশাপাশি মাঝমাঠ সংগঠনের উপরও জোর দিতে চান তিনি। এছাড়া চোট সারিয়ে সুস্থ হওয়ার পথে এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, ক্রিশ্চিয়ান রোমেরো, লিয়ান্ড্রো প্যারাডেসের মতো বেশ কয়েকজন ফুটবলার। তাই তাঁদের দিকেও কোচের কড়া নজর থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ