


নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামের মানিপাড়ায় মুনস্টার ক্লাবের উদ্যোগে ইদ উদ্যাপিত হল। শনিবার সকালে কৃষ্ণবাঁধ ময়দানে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ নামাজ আদায় করেন। এরপর জাতিধর্ম নির্বিশেষে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানানো হয়। ক্লাবের তরফে দু’দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
ইদগাহ ময়দানে নামাজ শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়। গ্ৰামবাসীদের জন্য সেমই ও লাচ্ছা পরোটার আয়োজন করা হয়েছিল। শনিবার দুপুরে মিউজিক্যাল চেয়ার, পাসিং দ্য বল, লাকি সার্কেল, ছবি আঁকা, মোমবাতি জ্বালানোর মতো প্রতিযোগিতা হয়। এলাকার খুদেরা নানা প্রতিযোগিতায় অংশ নেয়। রাতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। রবিবার বিকেল ৪টে থেকে ধর্মীয় সংগীত ও গজল হবে। সন্ধ্যা ৬টায় পুরস্কার বিলি অনুষ্ঠান হবে। এদিন ইদে জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারাণ্ডি, শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু, পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত সাহা, স্থানীয় ইমাম ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ক্লাবের সভাপতি শেখ মনতাজ আলি বলেন, একমাস ধরে সংযমের মধ্য দিয়ে রোজা পালিত হয়েছে। এদিন আনন্দের সঙ্গে ইদ-উল-ফিতর পালন করা হল। ক্লাবের সম্পাদক শেখ হিমায়ত আলি বলেন, সারাবছর সমাজসেবামূলক কাজ করা হয়। ইদ উদ্যাপনের মধ্য দিয়ে আমরা সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দিয়েছি।