Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মাতৃভূমি লোকাল, ৪, ৫, ৬ নম্বর কামরায় পুরুষ উঠতে পারবেন আজ থেকেই

শিয়ালদহ ডিভিশনে মাতৃভূমি লেডিস স্পেশাল ট্রেনে আজ সোমবার থেকে উঠতে পারবেন পুরুষ যাত্রীরা। ১২ কামরার ট্রেনগুলির তিনটি কোচ সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে।

মাতৃভূমি লোকাল, ৪, ৫, ৬ নম্বর কামরায় পুরুষ উঠতে পারবেন আজ থেকেই
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ ডিভিশনে মাতৃভূমি লেডিস স্পেশাল ট্রেনে আজ সোমবার থেকে উঠতে পারবেন পুরুষ যাত্রীরা। ১২ কামরার ট্রেনগুলির তিনটি কোচ সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। মহিলাদের জন্য সংরক্ষিত এই ট্রেনের চার, পাঁচ ও ছ’নম্বর কোচে আজ থেকেই পুরুষ যাত্রীরা সফর করতে পারবেন। 

Advertisement

এই লেডিস স্পেশালে পুরুষ যাত্রী উঠলে মোটা টাকা জরিমানা ও কড়া শাস্তি জুটত আগে। আজ থেকে নির্দিষ্ট তিনটি কোচের জন্য এই নিয়মে বদল আসছে। প্রসঙ্গত সকাল, বিকেল দিনের ব্যস্ত সময় শিয়ালদহ থেকে রানাঘাট-কৃষ্ণনগর, বনগাঁ-বারাসত ও ক্যানিং-বারুইপুর রুটে ছ’জোড়া মাতৃভূমি লোকাল চলে। রেল কর্তাদের বক্তব্য, আগে শিয়ালদহ ডিভিশনে অধিকাংশই ৯ কামরার লোকাল চলাচল করত। কিন্তু গত কয়েকবছর পরিকাঠামোগত উন্নতির কারণে এই ডিভিশনের সব লোকাল ১২ কোচের করা হয়েছে। প্রতিদিন শিয়ালদহ ডিভিশনে ন’শোর কাছাকাছি লোকাল ট্রেন পরিষেবা চলে। স্বভাবতই আগের তুলনায় বাড়তি তিনটি কোচ যুক্ত হওয়ায় লেডিস স্পেশাল ট্রেনগুলি খানিক ফাঁকা থাকে। যা নিয়ে পুরুষ যাত্রীরা প্রায়শই অভিযোগ করেন। গত কয়েকদিনে একাধিক স্টেশনে এই ইস্যুতে বিক্ষোভও দেখিয়েছেন অনেকে। তারপর এই সিদ্ধান্ত নিয়েছে রেল। যা নিয়ে মহিলা যাত্রীদের একাংশ ক্ষুব্ধ। তাঁদের মতে, লেডিস স্পেশাল ট্রেনের মূল ভাবনা এই সিদ্ধান্তের জেরে জোর ধাক্কা খেল। ভিড়ের সময় পুরুষ যাত্রীরা নির্দিষ্ট তিনটি কামরার বাইরের কোচেও উঠে পড়তে পারেন বলে আশঙ্কা থাকছে। যদিও রেল কর্তাদের আশ্বাস, মাতৃভূমি চলার সময় পর্যাপ্ত আরপিএফ বাহিনী স্টেশনগুলিতে মোতায়েন থাকবে। তিনটি কোচের বাইরে বাকি ন’টি কামরার কোথাও পুরুষ উঠলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এক্ষেত্রে মহিলা যাত্রীদের সহযোগিতাও প্রত্যাশা করছে পূর্বরেল। এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে রেলের হেল্পলাইন নম্বর ১৩৯ ডায়াল করার পরামর্শও দেওয়া হয়েছে। পাশাপাশি, নিকটবর্তী আরপিএফ জওয়ানদের কাছে সরাসরি অভিযোগ জানাতে পারবেন  মহিলা যাত্রীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ