Bartaman Logo
৯ জুন, ২০২৬

বেলজিয়ামে মিলল ফেরার হীরে ব্যবসায়ী মেহুল চোকসির সন্ধান

বেলজিয়ামে মিলল ফেরার হীরে ব্যবসায়ী মেহুল চোকসির সন্ধান
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১৪ হাজার কোটি টাকা দেনা না মিটিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন শিল্পপতি মেহুল চোকসি। তাঁকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই এবং ইডি। এতদিন জানা ছিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বসবাস করছেন মেহুল। এই অবস্থায় মেহুলকে সস্ত্রীক বেলজিয়ামের অ্যান্টর্পে দেখা গিয়েছে বলে খবর মিলেছে। এখন স্ত্রীর সঙ্গে মেহুল অ্যান্টর্পেই থাকছেন বলে খবর। ব্যাপারটি সামনে আসতেই তাঁকে ভারতে ফেরাতে তৎপরতা শুরু হয়েছে। তাঁর প্রত্যর্পণ চেয়ে বেলজিয়ামের সঙ্গে আলোচনা শুরু করেছে নয়াদিল্লি। এমনটাই খবর বেলজিয়ামের সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটস টাইমস’-এর। প্রসঙ্গত, মেহুলের স্ত্রী প্রীতি চোকসি বেলজিয়ামের নাগরিক। গত ১৯ মার্চ অ্যান্টিগা অ্যান্ড বার্বুডার বিদেশমন্ত্রী ই পি চেট গ্রিনে জানিয়েছিলেন, চিকিৎসার জন্য অন্যত্র গিয়েছেন মেহুল। তবে তিনি সে দেশেরই নাগরিক। তিনি কোথায় গিয়েছেন, তা খোলসা করেননি মন্ত্রী। জানা যাচ্ছে, স্ত্রীর সহায়তায়১৫ মার্চ ‘এফ রেসিডেন্সি কার্ড’ পান মেহুল। এই কার্ড পাওয়ার পর শর্তসাপেক্ষে স্ত্রীর সঙ্গে বৈধভাবে বেলজিয়ামে বসবাস করতে বাধা নেই মেহুলের। ‘অ্যাসোসিয়েটস টাইমস’-এর খবর অনুযায়ী বেলজিয়ামের স্থায়ী নাগরিকত্বেরও আবেদন করেছেন এই হীরে ব্যবসায়ী। একবার বেলজিয়ামের স্থায়ী নাগরিকত্ব পেয়ে গেলে তাঁকে ভারতে ফেরানো কঠিন হবে বলেই বিশেষজ্ঞদের মত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ