নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার কলকাতা লিগে নামছে ইস্ট বেঙ্গল। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ খিদিরপুর স্পোর্টিং ক্লাব। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মশাল বাহিনী। তবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগান ও ইউনাইটেড কলকাতা। তাই সুপার সিক্সের পথ মসৃণ করতে বৃহস্পতিবার তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া ইস্ট বেঙ্গল। তবে তন্ময়, মনোতোষদের জন্য লড়াইটা সহজ হবে না। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে খিদিরপুর। মোহন বাগানকে রুখে দিয়েছিল মেহতাব হোসেনের দল। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে দ্রুত গোল তুলে নেওয়াই ইস্ট বেঙ্গলের লক্ষ্য।
গত কয়েক ম্যাচে লক্ষ্যভেদের দুর্বলতা ভোগাচ্ছে লাল-হলুদ ব্রিগেডকে। জেসিন, বিষ্ণুরা সিনিয়র দলে। তার উপর মাঝমাঠে ভারসাম্যের অভাব। তাই কম্বিনেশন নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। মায়ের অসুস্থতার কারণে কোচ বিনো জর্জ কেরলে ফিরেছেন। লিগের দায়িত্বে অর্চিষ্মান বিশ্বাস। রক্ষণ নিয়েও থাকছে উদ্বেগ। ভবানীপুর ও বিএসএসের বিরুদ্ধে রক্ষণের ভুলে গোল হজম করতে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। তাই খিদিরপুরের বিরুদ্ধে সাবধানী কোচ অর্চিষ্মান। তাঁর লক্ষ্য, ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করা। অন্যদিকে, মেহতাবও জয় নিয়ে আশাবাদী। তাঁর মন্তব্য, ‘এই ধরনের ম্যাচে ফুটবলারদের তাগিদ জরুরি। বড়ো দলের বিরুদ্ধে ভালো ফুটবল মেলে ধরতে পারলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সেটাই আমার দলের ইউএসপি।’
ম্যাচ শুরু বিকেল তিনটেয়। সম্প্রচার স্পোর্টস টেন অ্যাপে।